১০ ট্রাক অস্ত্র আটক মামলায় চট্টগ্রাম আদালতের এক সাবেক মহানগর হাকিমসহ মোট তিনজন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের মধ্যে গতকাল রোববার দুজনের জেরাও শেষ হয়েছে। গতকাল চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে মামলার কার্যক্রম পরিচালিত হয়। এক সাক্ষীর জেরা অসমাপ্ত রেখেই আদালত আজ (সোমবার) শুনানির পরবর্তী দিন ধার্য করেন।গতকাল আদালতে সাক্ষ্য দেন চট্টগ্রাম মহানগর আদালতের সাবেক হাকিম কিরণ চন্দ্র রায়, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) নিরাপত্তা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা এবং বন্দর ফাঁড়ির তৎকালীন কনস্টেবল কে এম মহিউদ্দিন। এর মধ্যে কিরণ চন্দ্র রায় ও গোলাম মোস্তফার জেরা গতকাল শেষ হয়েছে।আদালতে দেওয়া সাক্ষ্যে কিরণ চন্দ্র রায় বলেন, ‘২০০৯ সালের ১২ এপ্রিল মহানগর হাকিম হিসেবে কর্মরত থাকাকালে সাক্ষী মো. হাবিবুর রহমান ও তসলিম মল্লিকের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করি।’সাক্ষ্য গ্রহণ শেষে মহিউদ্দিনকে জেরা করেন আসামি মেজর লিয়াকতের আইনজীবী কামরুল ইসলাম।২০০৪ সালের ২ এপ্রিলের প্রথম প্রহরে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) অধীন সিইউএফএলের জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করে পুলিশ। আদালতের কার্যক্রম শুরুর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ জনকে আদালতে হাজির করা হয়।