সাবেক হুইপ আবদুর রউফ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক হুইপ আবদুর রউফ (৭০) আর নেই। গতকাল মঙ্গলবার সকাল সাতটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুর রউফ কিছুদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। গত বুধবার রাতে তাঁকে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। গতকাল সকালে তিনি ইন্তেকাল করেন। গতকাল বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ, সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ অসংখ্য গুণগ্রাহী শরিক হন। পরে জাতীয় সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন চিফ হুইপ।সংসদ ভবন এলাকায় জানাজার পর মরহুমের মরদেহ গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে যাওয়া হয়। আজ বুধবার বেলা ১১টায় ডোমার উপজেলা সদরের বাগডোকরা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।আবদুর রউফ ১৯৬৩-৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ এবং সাবেক ছাত্রলীগ ফাউন্ডেশনের নেতা ছিলেন। ১৯৬৮-৬৯ সালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্রলীগ তথা ছাত্রসমাজের পক্ষে তিনিই ১১ দফা উত্থাপন করেছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। আবদুর রউফ ১১ দফা প্রণয়ন করেন।আবদুর রউফ নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন থেকে তিনবার আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি গণফোরামে যোগ দেন। বীর এই মুক্তিযোদ্ধা দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর ছেলে মোস্তফা মঈন উদ্দিন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক কর্মকর্তা। ছোট মেয়ে রিফাত রুমানা শর্মি সময় টেলিভিশনের বার্তা কক্ষ সম্পাদক।আবদুর রউফের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, তথ্য এবং সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, স্পিকার আবদুল হামিদ, সাংসদ আসাদুজ্জামান নূর, জাফর ইকবাল সিদ্দিকী, কাজী ফারুক কাদের, কর্নেল (অব.) মারুফ সাকলান, হামিদা বানু শোভা, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু প্রমুখ শোক প্রকাশ করেছেন। এ ছাড়া গণফোরাম ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।