সাবেক হুইপ মাহবুবুল আলমের ইন্তেকাল

ফেনী-৩ আসনের সাবেক সাংসদ ও হুইপ মাহবুবুল আলম তারা (৭৪) গতকাল সোমবার বিকেলে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)৷ তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসন্তান রেখে গেছেন৷
পারিবারিক সূত্র জানিয়েছে, আজ সিঙ্গাপুর থেকে মাহবুবুল আলমের মরদেহ দেশে আনা হবে৷ তাঁকে ফেনী সদর উপজেলার ফরহাদনগর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে৷
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে মাহবুবুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷ পৃথক বিবৃতিতে ফেনী সমিতি ঢাকার সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক গণি আহমদ শোক প্রকাশ করেছেন৷
মাহবুবুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ছিলেন৷ ১৯৯১ সালে ফেনী-৩ আসনে বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হন৷ ’৯৬ সালে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান৷ এর পর থেকে রাজনীতি থেকে দূরে সরে যান৷ তিনি এনসিসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন৷