সাবেকমন্ত্রী আমিনুলের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনসেট নির্মাতা প্রতিষ্ঠান সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক চারদলীয় জোট সরকারের মন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গত বৃহস্পতিবার রাতে দুদকের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। দুদকের কমিশনার মো. বদিউজ্জামান প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার এজাহারে ২০০৯ সালের ১১ মে মার্কিন একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমিনুল হক সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ আট হাজার ১৪৫ মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালতে সিমেন্সের পক্ষ থেকে আমিনুলকে ঘুষ দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। ওই রায়ের পর দুদক এ বিষয়ে অনুসন্ধান শেষে মামলা করে।এজাহারে বলা হয়েছে, ২০০১ সালের ২৭ মার্চ থেকে ২০০৬ সালের আগস্ট পর্যন্ত বিটিটিবির (বর্তমান বিটিসিএল) ডিজিটাল সেলুলার মোবাইল ও মোবাইল নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হয়। ওই সময় দরপত্র মূল্যায়ন কমিটির ওপর প্রভাব খাটিয়ে অবৈধভাবে সিমেন্স বাংলাদেশকে কার্যাদেশ দেন আমিনুল হক। এর বিনিময়ে কমিটির পরামর্শকদের মাধ্যমে উল্লিখিত আর্থিক সুবিধা নেন। ওই অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়। এই ঘুষ লেনদেনের সঙ্গে সাবেক টেলিযোগাযোগমন্ত্রীর আত্মীয় মিজানুর রহমান জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।