সাবের চৌধুরী আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবের হোসেন চৌধুরী
সাবের হোসেন চৌধুরী

জাতীয় সংসদের সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার আন্তর্জাতিক সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আইপিইউর ১২৫ বছরের ইতিহাসে সাবের হোসেন চৌধুরী প্রথম বাংলাদেশি, যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। ২৮তম প্রেসিডেন্ট হিসেবে তিনি তিন বছর দায়িত্ব পালন করবেন।
গতকাল বৃহস্পতিবার আইপিইউর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এ নির্বাচনে সাবের চৌধুরী অস্ট্রেলিয়ার আইনসভার স্পিকার ব্রনউইন বিশপ, ইন্দোনেশিয়ার সাংসদ নুরহায়াতি আলী আসিগাফ ও মালদ্বীপের আইনসভার সাবেক স্পিকার আবদুল্লাহ শহীদকে পরাজিত করেন। সেখানে ১২ অক্টোবর থেকে শুরু হওয়া আইপিইউর ১৩১তম সম্মেলনের শেষ দিন এ নির্বাচন অনুষ্ঠিত হলো।
সংসদ সচিবালয় জানায়, নির্বাচনে সাবের হোসেন চৌধুরী পান ১৬৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রনউইন বিশপ পেয়েছেন ৯৫ ভোট।
রাতে জেনেভা থেকে সাবের হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, আইপিইউ বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার কণ্ঠ। জনগণের কণ্ঠ। জনগণের প্রতিনিধি হিসেবে আইপিইউ আগামী তিন বছর বিশ্বের দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, মধ্যপ্রাচ্য সমস্যা ও ফিলিস্তিনি সমস্যার ওপর জোর দেবে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার সক্ষমতা বাড়ানোর কাজ করবে।
চলতি বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত একতরফা নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। আন্তর্জাতিকভাবে এ নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। সেই সংসদের সাংসদকে আইপিইউর সদস্য দেশগুলো প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে সাবের চৌধুরী বলেন, এ বিষয়ে পরে বলব।
আইপিইউর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক ব্যবসায়ী সাবের হোসেন চৌধুরী আইন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে যুক্তরাজ্যে পড়াশোনা করেন। তিনি প্রথম সাংসদ নির্বাচিত হন ৩৫ বছর বয়সে ১৯৯৬ সালে। আইনের শাসন ও মানবাধিকারে বিশ্বাসী সাবের হোসেন চৌধুরী বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের ৯ ডিসেম্বর গ্রেপ্তার হন। এরপর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাঁকে বিবেকের বন্দী হিসেবে ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাবের হোসেন চৌধুরী দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত আইপিইউর তৃতীয় প্রেসিডেন্ট। এর আগে দক্ষিণ এশিয়া থেকে ভারতের গুরুদয়াল সিং ধিলন (১৯৭৩-৭৬) ও নাজমা হেপতুল্লাহ আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হন।
সংসদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবের হোসেন চৌধুরী আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।