সাবেরা মুস্তাফা আর নেই
শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেরা খাতুন সামসুন আরা (৭৮) আর নেই। গতকাল রোববার ভোরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সাবেরা মুস্তাফা নামেই বেশি পরিচিত।সাবেরা মুস্তাফার জানাজা আজ সোমবার বাদ জোহর মোহাম্মদপুর ইকবাল রোড মসজিদে (মোহাম্মদপুর ডাকঘরসংলগ্ন) অনুষ্ঠিত হবে।সাবেরা মুস্তাফা প্রখ্যাত সাংবাদিক ও কূটনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত কে জি মুস্তাফার স্ত্রী। তিনি তিন ছেলে—অর্থনীতিবিদ শামস মুস্তাফা, বিবিসির বাংলা বিভাগের প্রধান সাবির মুস্তাফা ও আইনজীবী শিপার মুস্তাফাকে রেখে গেছেন। সাবেরা মুস্তাফা প্রখ্যাত কবি ও গীতিকার প্রয়াত আবু হেনা মুস্তফা কামাল এবং বাংলাদেশ বেতারের সাবেক কর্মকর্তা প্রয়াত আবুল হেমায়েত মোহাম্মদ কামালের বড় বোন। পাবনায় জন্ম নেওয়া সাবেরা মুস্তাফা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। কর্মজীবনে তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ, মিরপুরের হারম্যান মেইনার কলেজ, সিলেটের এমসি কলেজ ছাড়াও রাজশাহী ও বরিশালের বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। সাবেরা মুস্তাফা পঞ্চাশের দশকের মাঝামাঝি মঞ্চে অভিনয় শুরু করেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম দিককার নারী মঞ্চাভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন। বিজ্ঞপ্তি।