সাব্বির হত্যা মামলা আরও চারজন সাক্ষ্য দিলেন
বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ূন কবির সাব্বির হত্যা মামলায় গতকাল সোমবার আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে এই মামলায় বাদীসহ ১৫ জন সাক্ষ্য দিলেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন সাক্ষ্য গ্রহণের জন্য ৮ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন। গতকাল সাক্ষ্য দেন আলামত জব্দ তালিকার সাক্ষী মো. ইসমাইল, সাব্বির যে ভবনে খুন হন সেই ভবনের একটি ফ্ল্যাটের মালিক শাহ আলম, সানবীরের গাড়িচালক শফিকুল ইসলাম এবং ভিনটেজ গেস্টহাউসের কর্মচারী হারুন-অর রশিদ। তাঁদের মধ্যে শফিকুল ইসলাম ও হারুন-অর রশিদকে রাষ্ট্রপক্ষ বৈরী ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, শফিকুল ইসলাম ও হারুন-অর রশিদ পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছিলেন, তার সঙ্গে আদালতে দেওয়া সাক্ষ্যের মিল না থাকায় রাষ্ট্রপক্ষ দুই সাক্ষীকে বৈরী ঘোষণা করেছে। তিনি বলেন, সানবীরের গাড়িচালক ঘটনার সময় পুলিশকে বলেছিলেন, ঘটনার পরদিন ২০০৬ সালের ৫ জুলাই সানবীর বিদেশ চলে যান। কিন্তু গতকাল তিনি আদালতে বলেন, তিনি পরের দিন বিদেশ যান। এ কারণে রাষ্ট্রপক্ষ তাঁকে বৈরী ঘোষণা করেন। আর হারুন-অর রশিদ বলেছিলেন, একটি মেয়েকে আনার জন্য সানবীর হোটেলে গিয়েছিলেন। কিন্তু গতকাল তিনি আদালতে বলেন. সেটা ছিল সাব্বির। এ কারণে তাঁকেও বৈরী ঘোষণা করা হয়।বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির (৩০) ২০০৬ সালের ৪ জুলাই রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় খুন হন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সাফায়াত সোবহান সানবীর এ খুনের মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। এ নিয়ে তখন সংবাদপত্রে লেখালেখি হলে সানবীর দেশ ছেড়ে পালিয়ে যান। তৎ কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎ ফুজ্জামান বাবর তাঁকে দেশত্যাগে সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে।পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় লুৎ ফুজ্জামান বাবর গ্রেপ্তার হন। তখন রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছিলেন, বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলেকে খুনের মামলা থেকে রক্ষা করতে ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন।