সাব্বির হত্যা মামলা বাদীকে পরবর্তী জেরা ১৫ মার্চ
বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার বাদী এ এফ এম আসিফকে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো জেরা করা হয়েছে। জেরা শেষ না হওয়ায় ১৫ মার্চ বাদীকে জেরার পরবর্তী দিন ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম।মামলার বাদী আসিফ নিহত সাব্বিরের ভগ্নিপতি। তিনি ৩ মার্চ আদালতে সাক্ষ্য দেন এবং সেদিন জামিনে থাকা দুই আসামির পক্ষের আইনজীবীরা জেরা করেন। তাঁকে গতকাল জেরা করেন পলাতক তিন আসামির পক্ষের আইনজীবী। পলাতক তিন আসামি হলেন সাফায়েত সোবহান সানবীর, নূরে আলম ও হুমায়ুন কবির। এঁদের মধ্যে প্রধান আসামি সানবীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের ছেলে।পলাতক তিন আসামির পক্ষে রাষ্ট্র-নিয়োজিত আইনজীবী গাজী শাহ আলম গতকাল বাদী তথা প্রধান সাক্ষী আসিফকে জেরা করার ক্ষেত্রে জামিনে থাকা আসামিদের আইনজীবীরাও এগিয়ে যান। এ সময় আদালত তাঁদের থামিয়ে দেন।আদালত বলেন, রাষ্ট্র পলাতক আসামিদের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছেন। রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবীই সাক্ষীকে জেরা করবেন। তবে সহায়তা করতে তাঁর সহকারী আইনজীবী থাকতে পারে। অন্য কোনো আসামির আইনজীবী রাষ্ট্র-নিয়োজিত আইনজীবীকে সাহায্য করতে পারেন না। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি রফিকুল ইসলাম। তাঁকে সহায়তা করেন মোহাম্মদ নাসের উদ্দীন চৌধুরী।প্রসঙ্গত, ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। এই মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীর তৎকালীন বিএনপি সরকারের উচ্চমহলের সঙ্গে যোগসাজশে বিদেশে চলে যান বলে অভিযোগ আছে। ২০০৮ সালের ৮ মে সিআইডি সাব্বির হত্যা মামলায় সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।