সাব্বির হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১২ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ূন কবির সাব্বির হত্যা মামলায় গতকাল রোববার দিন ধার্য থাকলেও সাক্ষ্য গ্রহণ হয়নি। কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম ১২ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ দেন। এর আগে এ মামলায় তিনজন সাক্ষ্য দিয়েছেন। ২০০৬ সালের ৪ জুলাই রাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে সাব্বির খুন হন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সাফায়াত সোবহান সানবীর এ খুনের মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। একপর্যায়ে সানবীর দেশ ছেড়ে পালিয়ে যান। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাঁকে দেশত্যাগে সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে। বাবর সানবীরকে মামলা থেকে রক্ষা করতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছিলেন। এই ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে গত বছর দুর্নীতি দমন কমিশন বাবর ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে।