সাব্বিরুলের জন্য বাবার জিডি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র সাব্বিরুল হকের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সাব্বিরুলের বাবা আজিজুল হক চৌধুরী চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় এই জিডি করেন।
গত মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঝোড়ো অভিযানে নয় ‘জঙ্গি’ নিহত হয়। সেখানে নিহত ব্যক্তিদের মধ্যে প্রথমে তিনজনের পরিচয় প্রকাশ করে পুলিশ। তাঁদের মধ্যে সাব্বিরুল ছিলেন বলে পুলিশ ঘোষণা করে। গত বৃহস্পতিবার ঢাকায় গিয়ে সাব্বিরুলের চাচাতো ভাই ওয়াহিদুল হক চৌধুরী লাশটি দেখে তা সাব্বিরুলের নয় বলে পুলিশকে নিশ্চিত করেন।
বাকলিয়া থানা–পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সাব্বিরুল হক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে গত ২১ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় বাকলিয়ার বাসা থেকে বের হন। এরপর তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সাব্বিরুল নিজে থেকেও পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করেননি বলে জিডিতে উল্লেখ করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর প্রথম আলোকে বলেন, সাব্বিরুলের বাবার করা জিডি নম্বর ১৪০২। জিডি হওয়ায় পুলিশ তাঁর অবস্থান বের করার চেষ্টা করছে।
সাব্বিরুলের বাবা আজিজুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘লোকলজ্জায় ছেলের নিখোঁজ হওয়ার বিষয়টি এত দিন থানা পুলিশকে জানাইনি। এখন সবাই জেনে গেছে। তাই শুক্রবার রাত ১১টায় বাকলিয়া থানায় ছেলের সন্ধান চেয়ে জিডি করেছি। তাঁর ছবিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দেশবাসীর কাছে অনুরোধ, আমার ছেলের সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিকটস্থ থানার পুলিশকে জানান। অথবা সন্ধানদাতারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন।’
পারিবারিক সূত্রে জানা গেছে, ‘নিখোঁজ’ সাব্বিরুল হক সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি ও ২০১২ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৩ সালে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসে অর্থনীতি ও ব্যাংকিং বিভাগে ভর্তি হন।