পয়োনিষ্কাশন নালায় (স্যুয়ারেজ লাইন) পড়ে মারা যাওয়া শিশু জোনায়েদ সাব্বির ও সানজিদার পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
জনস্বার্থে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এই রুল দেন। স্থানীয় সরকারসচিব, ঢাকা ওয়াসার চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়র, পুলিশের মহাপরিদর্শক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের পর রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, ঢাকার অরক্ষিত ম্যানহোল ও স্যুয়ারেজ লাইনের ঢাকনা ১৫ দিনের মধ্যে যথাযথভাবে প্রতিস্থাপন করতে দুই সিটি করপোরেশনের মেয়র ও ওয়াসা চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ১৩ অক্টোবর তাঁদের আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।
গত ২২ জুলাই মিরপুর কমার্স কলেজ-সংলগ্ন পয়োনিষ্কাশন নালায় পড়ে মারা যায় শিশু জোনায়েদ সাব্বির। এর আগে ১৫ জুলাই মহাখালী বাস টার্মিনালের পেছনে পয়োনিষ্কাশন নালায় পড়ে শিশু সানজিদার মৃত্যু হয়। এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী এই রিট আবেদন করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।