সাব-রেজিস্ট্রার কার্যালয় ভবন জরাজীর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে এবং মাঝেমধ্যেই ছাদের পলেস্তারা খসে পড়ে। বৃষ্টির সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে নষ্ট হওয়ার আতঙ্কে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা।
ওই কার্যালয়ের কর্মচারীরা জানান, বৃষ্টির পানি থেকে কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র রক্ষা করার জন্য ভবনের ভেতরের অংশের ছাদে ও ফাইলের ওপর পলিথিন দিয়ে রাখা হয়। ভবনের চারপাশে রয়েছে আবর্জনার স্তূপ। বাইরে থেকে দেখলে এটাকে পরিত্যক্ত ভবন বলে মনে হয়। সংস্কারের অভাবে ভবনটি এখন ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই কার্যালয়ে প্রবেশের সড়কটি ডুবে যায়।
সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতরেই দলিল লেখকেরাও বসেন। দলিল লেখক গোবিন্দ দাস বলেন, ‘বৃষ্টি হলে ভবনের ভেতরে পানিতে সয়লাব হয়ে যায়। মেঝেতে পানি থাকায় পা রাখার জন্য আমরা পিঁড়ি ব্যবহার করি। আর মাথার ওপর পলিথিন তো থাকেই। আমরা অনেক সময় অফিসের কাগজ রক্ষা করতে গিয়ে নিজেরাই ভিজে যাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালেকুজ্জামান বলেন, ‘সাব-রেজিস্ট্রার কার্যালয়ের বিষয়টি আইন মন্ত্রণালয় দেখে থাকে। এর কোনো কাজের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই। এরা আমাদের আওতার বাইরে।’
উপজেলা সাব-রেজিস্ট্রার শাহনেওয়াজ খান প্রথম আলোকে বলেন, ‘আমি ছয় মাস হলো এখানে এসেছি। আমার সাব-রেজিস্ট্রার সাহেব ভবনের পরিস্থিতি জানিয়ে স্থানীয় গণপূর্তকে চিঠি দিয়েছেন। কিন্তু তারপরও কোনো কাজ হচ্ছে না।’