সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারঘোষিত নতুন কাঠামো অনুযায়ী পোশাকশ্রমিকদের মজুরি না দেওয়া, বিভিন্ন ভাতা কেটে নেওয়া ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল শনিবারও ঢাকার সাভার ও আশুলিয়া এবং মানিকগঞ্জে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। এদিন বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়কও অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার গ্রুপের কারখানার শ্রমিকেরা সকালে নতুন কাঠামো অনুযায়ী তাঁদের মজুরি দেওয়ার দাবি জানান। কর্তৃপক্ষের কাছ থেকে এ ব্যাপারে কোনো নিশ্চয়তা না পেয়ে শ্রমিকেরা সারা দিন কারখানায় কাজ বন্ধ রাখেন। বিকেলে বাসায় চলে যান।
একই দাবিতে সাভারের উলাইল এলাকার এইচওআর টেক্সটাইলের এমব্রয়ডারি ও ছাপা শাখার শ্রমিকেরা সকালে কাজ বন্ধ করে কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে কারখানা থেকে বেরিয়ে এসে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
কয়েকজন শ্রমিক বলেন, ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী গত মাস থেকেই বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা কার্যকর করছে না। এ বিষয়ে এইচওআর টেক্সটাইলের একজন কর্মকর্তা বলেন, সরকার যে বেতনকাঠামো ঘোষণা করেছে, তা এমব্রয়ডারি ও ছাপা শাখার শ্রমিকদের জন্য নয়।
এদিকে গ্রেড অনুযায়ী শ্রমিকদের মজুরি না দেওয়া এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে একই দিন মানববন্ধন করেছে বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশন। সাভারের ধসে পড়া রানা প্লাজার সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন কারখানার শ্রমিকেরা অংশ নেন।
মানববন্ধনে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘ঘোষিত বেতনকাঠামো গত ডিসেম্বর মাস থেকে কার্যকরের কথা থাকলেও অনেক কারখানা কর্তৃপক্ষ তা মানছে না। আবার অনেক কারখানায় গ্রেড পরিবর্তন করে বেতন নির্ধারণের মাধ্যমে শ্রমিকদের ঠকানো হচ্ছে।’
মানিকগঞ্জের সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকায় সকালে পোশাক কারখানা তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে সকাল নয়টার দিকে তাঁরা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ছয় কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়। বেলা ১১টার দিকে সেনাসদস্যরা এসে শ্রমিকদের সরিয়ে দেন। তখন কারখানার ভেতরে গিয়ে বিক্ষোভ দেখানোর একপর্যায়ে প্রতিষ্ঠানটির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা ইসমাঈল হোসেনকে কিছু শ্রমিক মারধর করেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার পর্যন্ত কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কারখানাটিতে বেতনের সঙ্গে আনুষঙ্গিক ভাতা হিসেবে মাসে শ্রমিকপ্রতি দুপুরের খাবার বাবদ ৬০০ টাকা ও যাতায়াত বাবদ ২০০ টাকা দেওয়া হতো। গত বুধবার থেকে নতুন কাঠামো অনুযায়ী মজুরি দেওয়া হলেও এসব ভাতা পুরোপুরি কেটে নেওয়া হয়। এ নিয়ে শ্রমিক-অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার পর্যন্ত কারখানায় প্রথম দফা ছুটি দেওয়া হয়। গতকাল খোলার পর আবার ওই বিক্ষোভ শুরু হয়।
কারখানার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাওন দত্ত বলেন, সরকারের ঘোষণা করা কাঠামো অনুযায়ীই শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া হয়েছে। শ্রমিকেরা ভুল বুঝে কিংবা কারও উসকাানিতে এসব কর্মসূচি পালন করে থাকতে পারেন। মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম বলেন, সোমবার মালিক ও শ্রমিকপক্ষের লোকজনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।