সাভার-আশুলিয়ার পাঁচ কারখানায় কর্মবিরতি
পোশাকশ্রমিকদের নতুন বেতনকাঠামোর তথ্য নিশ্চিত করার দাবিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার সাভার ও আশুলিয়ার পাঁচটি পোশাক কারখানায় কাজ বন্ধ রাখেন শ্রমিকেরা। পরে কর্তৃপক্ষ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।
একই দিন মানিকগঞ্জের সাটুরিয়ায় তারাসিমা অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা আনুষঙ্গিক ভাতার দাবিতে বিক্ষোভ এবং কারখানার পাশে রাখা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, কয়েক দিন ধরে নতুন বেতনকাঠামো অনুযায়ী পোশাকশ্রমিকদের গত মাসের বেতন দেওয়া হচ্ছে। গতকাল সকালে আশুলিয়ার গাজীরচট এলাকার বাংলা-জাপান ট্রেডিং, খেজুরবাগান এলাকার মাতসুকা অ্যাপারেলস, ধনাইদ এলাকার জেনারেশন নেক্সট, জামগড়ার মেডলারসহ সাভারের রাজাসন এলাকার এমটারনেট নামের পোশাক কারখানার শ্রমিকেরা গ্রেড অনুযায়ী বেতনকাঠামোর বেতনের পরিমাণ জানতে চান। কর্তৃপক্ষ এর ব্যাখ্যা না দেওয়ায় শ্রমিকেরা কাজ বন্ধ করে নিজ নিজ আসনে বসে অলস সময় কাটান। তবে তাঁরা ভাঙচুর বা বিক্ষোভ করেননি।
কর্তৃপক্ষ জানায়, বাংলা-জাপানের শ্রমিকদের একাংশ দুপুরের দিকে কাজে যোগ দেন। মেডলারের শ্রমিকেরা কাজ না করায় বিকেল পাঁচটায় তাঁদের ছুটি দেওয়া হয়। কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাস দিলে জেনারেশনের শ্রমিকেরা বেলা সাড়ে ১১টায় কাজে যোগ দেন। মাতসুকার শ্রমিকেরাও দুপুর ১২টার পরে কাজে যোগ দেন। এমটারনেটের অনেক শ্রমিক বেলা ১১টার দিকে কারখানা থেকে চলে যান।
মানিকগঞ্জের ঘটনায় পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্র জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নয়াডিঙ্গি এলাকায় অবস্থিত তারাসিমা অ্যাপারেলস লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতনের সঙ্গে আনুষঙ্গিক ভাতা হিসেবে দুপুরের খাবার বাবদ ৬০০ টাকা এবং যাতায়াত বাবদ ২০০ টাকা দেওয়া হচ্ছে। তবে বুধবার কারখানা কর্তৃপক্ষ সরকারি ঘোষণা অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম বেতন দিলেও আনুষঙ্গিক ভাতা দেয়নি। এ নিয়ে গতকাল সকালে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা-কাটাকাটি হয়। এরপর শ্রমিকেরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে কারখানার পাশে রাখা শ্রমিকদের পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করেন তাঁরা। এর পরপরই সেসব যানবাহনের শ্রমিক ও বহিরাগত লোকজন এসে শ্রমিকদের ওপর হামলা চালান। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।