সাভার-আশুলিয়ায় ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ চারজনকে অপহরণ
ঢাকার সাভার ও আশুলিয়া থেকে গত চার দিনে ব্যবসায়ী, চাকরিজীবী ও দুই শিক্ষার্থীসহ চারজন অপহূত হয়েছেন। এ নিয়ে গত ১৮ দিনে ১১ জনকে অপহরণ করল সন্ত্রাসীরা। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে পৃথক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও মাত্র একজনকে উদ্ধার করেছে পুলিশ। ব্যবসায়ী অপহরণ: আশুলিয়ার জামগড়া থেকে গত বৃহস্পতিবার রেজাউল করীম (৪০) নামের একজন ব্যবসায়ী অপহূত হন। তিনি জামগড়ার মীর সুপার মার্কেটের রিফাত বস্ত্রালয়ের মালিক এবং একই এলাকার বাসিন্দা। আশুলিয়া থানা ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে রেজাউল বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। এ ব্যাপারে তাঁর ছোট ভাই আনিসুর রহমান শুক্রবার আশুলিয়া থানায় একটি জিডি করেছেন। রেজাউলের স্ত্রী মলিনা খাতুন জানান, তাঁর স্বামী সম্প্রতি জনৈক হান্নানসহ আরও কয়েকজনের সঙ্গে একটি পোশাক কারখানা দিয়েছেন। ওই কারখানার ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে তাঁর স্বামীকে অপহরণ করা হতে পারে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ব্যবসায়ী রেজাউলকে অপহরণ করা হয়েছে, তা নিশ্চিত। কিন্তু কী কারণে এবং কারা অপহরণ করেছে, তা নিশ্চিত নয়। চাকরিজীবী অপহরণ: সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লা থেকে গত বুধবার নুরুল ইসলাম (৩২) নামের একজনকে অপহরণ করে সন্ত্রাসীরা। তিনি আশুলিয়ার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমএলএসএস ছিলেন। এ ব্যাপারে তাঁর ভাই ইসলাম বাদী হয়ে গতকাল সাভার থানায় মামলা করেছেন। পুলিশ তাঁকে উদ্ধার করতে পারেনি। মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন অপহরণ হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এর কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। মাদ্রাসার শিক্ষার্থী অপহরণ: সাভারের আমিনবাজার মাদ্রাসায় ভর্তি হতে এসে গত বুধবার অপহূত হয় শিক্ষার্থী মাহাদি হাসান (১৩)। সে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট গ্রামের শামসুল হকের ছেলে। এ ব্যাপারে তার মামাতো ভাই মাসুদুর রহমান গত শুক্রবার সাভার থানায় একটি জিডি করেন। মাসুদুর জানান, ভর্তি করার জন্য মাহাদিকে আমিনবাজার মাদ্রাসায় নিয়ে আসা হয়। সেখান থেকে সে নিখোঁজ হয়। গতকাল পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি। সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন জানান, মাহাদি হাসান নিখোঁজ হওয়ার ঘটনায় সাভার থানায় একটি জিডি হয়েছে। তাকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্কুলশিক্ষার্থী অপহরণ: গত শুক্রবার সন্ধ্যায় সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে অপহূত হয় নাদিয়া আলম (১৩) নামের এক শিক্ষার্থী। সে সাভার ব্যাংক কলোনির শাহীন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং সাভার বনপুকুর এলাকার আজাহারুল আলমের মেয়ে। অপহরণের ঘটনায় আজাহারুল আলম বাদী হয়ে ঘটনার দিন রাতে সাভার থানায় মামলা করেছেন। তিনি জানান, তাঁর মেয়ে বনপুকুরের বাসা থেকে ব্যাংক কলোনিতে খালার বাসায় যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়। গতকাল পর্যন্ত পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। এসআই সাজ্জাদ রোমন জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহূতকে উদ্ধারের চেষ্টা চলছে। আরও যাঁরা অপহূত হয়েছেন: গত বুধবার রাতে সাভারের হেমায়েতপুর থেকে অপহূত হন ফরিদ হোসেন (৩২) নামের একজন ব্যবসায়ী। এর আগে গত ১৩ আগস্ট হেমায়েতপুরের সুগন্ধা হাউজিং থেকে র্যাব পরিচয়ে অপহরণ করা হয় পাঁচজন তরুণকে। এ নিয়ে গত ১৮ দিনে সাভার ও আশুলিয়া থেকে ১১ জনকে অপহরণ করল সন্ত্রাসীরা। এর মধ্যে হেমায়েতপুর এলাকা থেকে ওয়াসিল ইসলাম নামের অপহূত একজন তরুণকে উদ্ধার করেছে পুলিশ। এত অপহরণের সম্ভাব্য কারণ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, আর্থিক লেনদেন ও প্রণয়ঘটিত কারণেও অপহরণ হতে পারে। তবে সাভার ও আশুলিয়ায় সাম্প্রতিককালে যেসব অপহরণের ঘটনা ঘটছে, এগুলোর উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। অপহরণের পর কোনো মুক্তিপণও দাবি করা হচ্ছে না। রফিকুল ইসলাম বলেন, ‘অপহরণকারীদের গ্রেপ্তারসহ অপহূত ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চলছে। আমরা আশাবাদী, শিগগিরই ফল পাওয়া যাবে।’