সাভার আশুলিয়ায় মহাসড়কে ছিনতাইকারীদের উৎপাত
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি থেকে আশুলিয়ার বিশমাইল পর্যন্ত এলাকায় ছিনতাইকারী ও দুর্বৃত্তদের উৎপাত বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর থেকে ওই এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আশুলিয়া থানার পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে বিশমাইল এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন সাভার পৌর এলাকার উত্তরপাড়ার শ্যাম গোপাল দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (২৬)। তিন ছিনতাইকারী অপর একটি মোটরসাইকেলে করে এসে তাঁর গতিরোধ করে। এরপর কৃষ্ণ দাসের পেটে ছুরিকাঘাত করে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কৃষ্ণ দাসের পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়নি। স্থানীয় সাংবাদিকেরা ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জিকে বিষয়টি জানানোর পর পুলিশ তৎপর হয়। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ মোটরসাইকেল উদ্ধারসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পারেনি। এর আগে গত ২৫ মে সন্ধ্যায় সাভার পৌর এলাকার মো. রিপন নামের এক যুবকের মোটরসাইকেল ছিনতাই হয় বিশমাইল এলাকা থেকে। রিপন জানান, মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে বিশমাইল এলাকায় কয়েকজন ছিনতাইকারী একটি মাইক্রোবাস নিয়ে এসে তাঁর গতিরোধ করে। এরপর তাঁকে মারধর করে মোটরসাইকেল নিয়ে যায়। সাভারের কোটপাগাড়ের মাইক্রোবাসচালক আবুল কালাম জানান, ২৫ মে গভীর রাতে সাভার লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের (বিপিএটিসি) সামনে দুর্বৃত্তরা ঢাকা-আরিচা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে তাঁর গাড়িসহ কয়েকটি গাড়ি থামিয়ে টাকাপয়সা ও মালামাল লুটে নেয়। নানা হয়রানির আশঙ্কায় তিনি কোনো মামলা করেননি। ২৮ মে সন্ধ্যায় ব্যক্তিগত গাড়ি নিয়ে আশুলিয়ার জিরাব থেকে সাভার আসছিলেন সাভারের কাতলাপুরের জামির শেখ। পথে বিশমাইল এলাকায় তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। দুর্বৃত্তরা গাড়ি থামিয়ে তাঁর কাছে থাকা আড়াই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। জামির জানান, ওই সময় কয়েকজন রিকশা আরোহী ও সিএনজি অটোরিকশার যাত্রীদের কাছ থেকেও তিনি টাকাপয়সা লুটে নিতে দেখেন। জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ টহল থাকার পরও প্রায় প্রতিদিনই এসব ঘটনা কীভাবে ঘটছে জানতে চাইলে ওসি বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনা ছাড়া আর কোনো ঘটনা আমার জানা নেই। কেউ অভিযোগও করেননি। তা ছাড়া এসব দেখার দায়িত্ব সড়ক পুলিশের।’