ঈদের আগে অশান্ত হয়ে উঠছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গতকাল শনিবার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসহ (ডিইপিজেড) আশুলিয়ার দুটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন।
সাভার পৌর এলাকার আইচানোয়াদ্দা মহল্লায় সুরমা গার্মেন্টসের মালিকানাধীন সাভার টেক্সটাইলের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ১৫ জন শ্রমিক আহত হন। পরে কারখানা এক দিনের (গতকাল) ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভার টেক্সটাইলের শ্রমিকেরা কয়েক দিন ধরে ঈদ বোনাসসহ তাঁদের জুন ও জুলাই মাসের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ কাল মঙ্গলবারের মধ্যে জুন মাসের বেতন পরিশোধ করে বৃহস্পতিবারের মধ্যে বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ঈদের আগে জুলাই মাসের বেতন পরিশোধে অপারগতা প্রকাশ করে। শ্রমিকেরা তা না মেনে গত বৃহস্পতিবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। পরে ওই দিন বিকেলে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়।
গতকাল শনিবার সকাল সাতটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে বেতন ও বোনাসের দাবিতে কাজে যোগদান করা থেকে বিরত থাকেন। সকাল নয়টার দিকে তাঁদের চার সহকর্মীকে কে বা কারা ধরে নিয়ে মারধর করেছে—এই অভিযোগ এনে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা দুটি গাড়িসহ কারখানার ভেতরে ভাঙচুর শুরু করেন। এ সময় পুলিশ তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করে। তাঁরা মারমুখী হয়ে পুলিশের ওপর আক্রমণের চেষ্টা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে কারখানা থেকে বের করে দেয়।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, পুলিশের তাড়া খেয়ে শ্রমিকেরা বেলা সকাল সাড়ে ১১টার দিকে কারখানা থেকে বের হয়ে কারখানাসংলগ্ন সাভার-বিরুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। দুপুর ১২টার দিকে সাভার থানা ও শিল্প পুলিশ একযোগে শ্রমিকদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আধঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।
শ্রমিকেরা বলেন, বেতন ও বোনাসের দাবিতে তাঁরা গতকাল শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। মালিকপক্ষ তাঁদের দাবি মেনে না নিয়ে কয়েকজন বহিরাগত এনে আলাউদ্দিন, মাহফুজ, উজ্জ্বল ও লোকমান নামের তাঁদের চার সহকর্মীকে ধরে নিয়ে নির্যাতন করেন। এর প্রতিবাদে তাঁরা ভাঙচুর ও বিক্ষোভ করেছেন। পুলিশের ছোড়া রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেলের আঘাতে তাঁদের অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা শাজাহান আলী বলেন, নানা সমস্যার কারণে চলতি মাসের ১০ তারিখের মধ্যে শ্রমিকদের গত মাসের বেতন পরিশোধ করা সম্ভব হয়ে ওঠেনি। মঙ্গলবার তাঁদের বেতন পরিশোধ করার কথা। কিন্তু শ্রমিকেরা তা মেনে না নিয়ে অযথা ঝামেলা পাকাচ্ছেন। মালিকপক্ষের লোকজনের হাতে শ্রমিক নির্যাতনের অভিযোগ সত্য নয় বলে তিনি দাবি করেন।
এদিকে একই দাবিতে ডিইপিজেড এলাকার ব্যাক্সটার ব্রেনটন (বিডি) নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। পরে কারখানাটি গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়ার জামগড়া এলাকার ইয়াগী বাংলাদেশ লিমিটেড কারখানার শ্রমিকেরাও বেতন-বোনাসের দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করেছেন। পরে কর্তৃপক্ষ ২১ জুলাই বেতন ও বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা দুপুরের দিকে কাজে যোগ দেন।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঈদের কারণে বেতন-বোনাস নিয়ে কিছু কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। তবে পরিস্থিতি শান্ত রাখতে আমাদেরও যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’