সাভার-আশুলিয়ায় 'পুলিশি অবরোধ'
১৮-দলীয় জোটের ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ঠেকাতে গতকাল শনিবার ভোর থেকে ঢাকার অদূরে সাভার ও আশুলিয়ায় মহাসড়ক কার্যত অবরোধ করে রেখেছে পুলিশ।
ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার ধামরাইয়ের ধুলিভিটা, ইসলামপুর, আশুলিয়ার নবীনগর এবং সাভারের সিঅ্যান্ডবি, হেমায়েতপুর, আমিনবাজারসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা, আশুলিয়ার বারইপাড়া, বলিভদ্র, জিরাব এবং আশুলিয়া সেতুর কাছে তল্লাশিচৌকি বসানো হয়। এসব চৌকিতে অবস্থান নিয়ে পুলিশ ঢাকাগামী বিভিন্ন গণপরিবহনে তল্লাশির নামে মহাসড়ক অবরোধ করে রাখে।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে কোনো যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল ছিল চোখে পড়ার মতো। ভোরের দিকে আশুলিয়ার বলিভদ্র, নবীনগর ও ধামরাইয়ের ধুলিভিটা এবং সাভারের হেমায়েতপুর এলাকায় দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস আটকে দেওয়া হয়। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসগুলো ফেরত পাঠানো হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকাগামী হিউম্যান হলার, অটোরিকশা ও রিকশা চলাচলেও বাধা দেওয়া হয়। পুলিশি বাধার কারণে নিরুপায় যাত্রীরা হেঁটেই নিজ নিজ গন্তব্যে যেতে বাধ্য হন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সাভার বাসস্ট্যান্ড এলাকায় লাঠি হাতে মহড়া দিতে দেখা যায়। তাঁরা ঢাকা অভিমুখী হিউম্যান হলার, রিকশা ও অটোরিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। এ সময় তাঁরা পরিবহনশ্রমিকদের লাঞ্ছিত করেন। যাত্রীদের ব্যাগও তল্লাশি করতে দেখা যায় তাঁদের। সন্ধ্যায় বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ সময় ঢাকা-১৯ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।
গ্রামের বাড়িতে সাপ্তাহিক ছুটি কাটিয়ে কুষ্টিয়া থেকে ঢাকায় ফিরছিলেন সরকারি কর্মকর্তা গোলাম মোস্তফা। কিন্তু পথে পথে পুলিশের বাধার কারণে সকালে রওনা হয়ে ঢাকার সাভার পৌঁছাতেই বিকেল গড়িয়ে যায়। ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাজার হাজার বাসযাত্রীকে একই ধরনের দুর্ভোগের শিকার হতে হয়। রেহাই পাননি হিউম্যান হলার, অটোরিকশা ও রিকশার যাত্রীরাও।
গোলাম মোস্তফা জানান, এসবি পরিবহনের বাসে গতকাল সকালে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা ছিল। আগে থেকে বাসের টিকিটও করা ছিল। কিন্তু বাস না ছাড়ার কারণে তাঁকে বিকল্পভাবে ঢাকার উদ্দেশে রওনা হতে হয়। অটোরিকশা ও রিকশাযোগে বিকেলের দিকে তিনি আশুলিয়ার নবীনগরে পৌঁছান। তবে এখানে বেকায়দায় পড়েন তিনি। নবীনগর থেকে পুলিশ ঢাকাগামী হিউম্যান হলার, অটোরিকশা ও রিকশা চলাচল বন্ধ করে দেয়। এ কারণে তাঁকে হেঁটে গন্তব্যে যেতে হয়।
বাস চলাচল বন্ধ রাখা প্রসঙ্গে ধামরাই ও মানিকগঞ্জের কয়েকজন পরিবহননেতা জানান, পুলিশের চাপে তাঁরা বাস চলাচল বন্ধ রেখেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম বলেন, রাজধানীতে নাশকতা ঠেকাতে যানবাহনে তল্লাশি চালানো হয়। তবে কোনো বাধা দেওয়া হয়নি।