সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীম হোসেন ফকিরকে মারধরকারী গোল চিহ্নিত ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম ওরফে ফয়সাল ও যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ওরফে জনি।
শামীম হোসেন ফকিরকে মারধরকারী গোল চিহ্নিত ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম ওরফে ফয়সাল ও যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ওরফে জনি।

সাভারে ছাত্রলীগের দুই নেতার পিটুনিতে গুরুতর আহত তরুণ শামীম হোসেন ফকির (২৫) মারা গেছেন। আজ শনিবার ভোর পাঁচটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সাভার উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, নিহত শামীমের মায়ের দায়ের করা আগের মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গণ্য হবে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।’

গত ১৩ আগস্ট রাতে মুঠোফোনে টাকা ভরা (রিচার্জ) নিয়ে ঢাকার সাভারে শারীরিক প্রতিবন্ধী তরুণ শামীমকে রড দিয়ে পিটিয়ে তাঁর বাঁ হাত ভেঙে দেন ছাত্রলীগের দুই নেতা।

এ ঘটনার পর গত বৃহস্পতিবার শামীমের মা বিউটি হোসেন সাভার মডেল থানায় মামলা করেন। এতে সাভার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম ওরফে ফয়সাল ও যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ওরফে জনিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ঢাকার ধামরাই উপজেলার ফোর্ডনগর গ্রামের ফারুক হোসেন ফকিরের ছেলে শামীম মুঠোফোনে টাকা ভরতে মঙ্গলবার রাত নয়টার দিকে সাভার বাজার সড়কের একটি দোকানে যান। এ সময় আগে টাকা ভরা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে জাহিদুল ও কামরুল রড দিয়ে শামীমকে পিটিয়ে গুরুতর আহত করেন। রডের আঘাতে শামীমের বাঁ হাত ভেঙে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। শামীম অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিত্সাধীন থাকা অবস্থায় আজ তাঁর মৃত্যু হলো।