সাভার ও আশুলিয়ার বিভিন্ন ব্লাড ব্যাংক এবং ক্লিনিকে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার ও আশুলিয়ার বিভিন্ন ব্লাড ব্যাংক এবং ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনাকালে আদালত চারজনকে আটক করেন এবং দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দেন।দীর্ঘদিন ধরে রক্ত কেনা-বেচার ব্যবসা চলছিল নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে সাভারের আশুলিয়া থানার ঠিক উল্টো দিকে বেলী মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। অথচ প্রতিষ্ঠানটির সরকারি অনুমোদন এবং চিকিৎসক, টেকনিশিয়ান কেউই নেই।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাভার ক্যাম্পের তত্ত্বাবধানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার ওই সেন্টারসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন ক্লিনিক এবং ব্লাড ব্যাংকে অভিযান চালান। অভিযানে চারজনকে আটক ও দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া এসব প্রতিষ্ঠানকে দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আটক হওয়া ব্যক্তিদের তিন মাসের জেল দেওয়া হয়। জব্দ করা হয় রক্তসহ সংগ্রহ ও সঞ্চালনের বিভিন্ন সরঞ্জাম।সকাল ১০টায় প্রথম অভিযান পরিচালনা করা হয় বেলী মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এখান থেকে তিন ব্যাগ রক্ত জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাত্ক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় ওই প্রতিষ্ঠানের শরীফ ও ইকবাল নামের দুই কর্মচারীকে তিন মাসের জেল দিয়ে গ্রেপ্তার করা হয়। চিকিৎসক ও টেকনিশিয়ান ছাড়াই অনুমোদনবিহীন ওই প্রতিষ্ঠানটি অবৈধভাবে রক্ত সংগ্রহ ও বিপণন করে আসছিল।বেলা সাড়ে ১১টায় অভিযান চালানো হয় সাভার থানা রোডের নিরাময় ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারে। ২২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া ব্লাড ব্যাংক পরিচালনার অনুমতি থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান না থাকায় প্রতিষ্ঠানটিকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তাত্ক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস ও রাকেশ মাঝিকে তিন মাসের জেল দিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে র‌্যাব ১১ ব্যাগ রক্তসহ সংগ্রহ ও সঞ্চালনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।জব্দ করা রক্তগুলো কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোন চিকিৎসক তা সংগ্রহ করেছেন, তার কোনো প্রমাণও পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাসও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। পরে থানা রোডের অনুমোদনবিহীন প্রিন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এটি সিলগালা করে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচ এম আনোয়ার পাশা বলেন, এখানকার বিভিন্ন প্রতিষ্ঠান অনুমতি নিয়ে এবং অনুমতি ছাড়া অবৈধভাবে রক্তের ব্যবসা করে আসছে। এসব প্রতিষ্ঠানের সিংহ ভাগই নামমাত্র মূল্যে মাদকসেবীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে থাকে।র‌্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাহ মিজান উল হক বলেন, সাভারের স্বাস্থ্য বিভাগে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের আরও অভিযান চালানো হবে।