সাভার ও আশুলিয়ায় দুজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক হত্যা মামলা করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, আশুলিয়ার গাজীবাড়ী এলাকায় গতকাল শনিবার সকালে শরীফ হোসেন (২৮) নামের এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, একই এলাকার লিটন চন্দ্র রাজবংশী নামের এক ব্যক্তি শরীফের কাছে এক হাজার টাকা পেতেন। পাওনা টাকা আদায়ের জন্য গতকাল সকাল ১০টার দিকে লোকজন নিয়ে লিটন শরীফদের বাড়ি যান। কথা-কাটাকাটির একপর্যায়ে লিটন ও তাঁর সঙ্গীরা শরীফকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশীদ এ ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করেছেন।সাভার থানা সূত্রে জানা গেছে, সাভারের জাদুরচর এলাকার একটি চাষের জমি থেকে কোরবান আলী (৩৫) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বাড়ি পাবনা সদর থানার সালগাড়িয়া গ্রামে। তিনি জাদুরচর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। মামলার এজাহারে বলা হয়, সপ্তাহ খানেক আগে একটি মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার কয়েকজনের সঙ্গে কোরবানের ঝগড়া হয়। এর জেরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। কোরবান গত শুক্রবার সকালে রিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেননি। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে গতকাল সাভার থানায় হত্যা মামলা করেছেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে গত শুক্রবার রাতে কোরবানকে শ্বাসরোধে হত্যা করা হয়।