সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় হামলা, ভাঙচুর, গ্রেপ্তার ৩
সড়ক ও জনপথের (সওজ) জমি এবং ট্রাকস্ট্যান্ডের দখল নিয়ে রাজধানীর অদূরে সাভার ও আশুলিয়ায় গতকাল শুক্রবার হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে মহড়া দেয়। এসব ঘটনায় পুলিশ রামদা, চাপাতি, ছুরিসহ তিনজনকে আটক করেছে।সাভার থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সাভার নামা গ্যান্ডা এলাকার বাসিন্দা ইয়াসিন, আমিনুরসহ আরও কয়েকজন মিলে গত বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন সাভার গ্যান্ডা বাসস্ট্যান্ডের পাশে সওজের বেশ কিছু জমি দখলের প্রস্তুতি নেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে সাভারের তালবাগ এলাকার ইয়াকিন, তসলিম, ভাসানসহ বেশ কিছু লোক সওজের ওই জমিতে মাটি ফেলে ভরাট করতে থাকেন। খবর পেয়ে ইয়াসিন ও আমিনুরের লোকজন ধাওয়া করে তাদের তাড়িয়ে দিয়ে ওই এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর তালবাগের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। পুলিশ জানায়, ইয়াকিন ও তসলিমদের লোকজন ইয়াসিন ও আমিনুরের লোকজনের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। আধা ঘণ্টারও বেশি সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলার পর সাভার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের লোকজনই সটকে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করে।সাভার থানা পুলিশের একাধিক কর্মকর্তাসহ স্থানীয় অনেকেই জানান, উভয় পক্ষের লোকজনই স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী-সমর্থক। সাভার থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহাম্মেদ বলেন, সওজের জমির দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ট্রাকস্ট্যান্ডের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা একটি শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেঙে ফেলেন। পুলিশ এ সময় একটি রামদা, একটি ছুরি, একটি দাসহ তিনজনকে আটক করে। আটক ব্যক্তি হলেন স্বপন আলম (৩০), সুমন (২৫) ও আলম (২০)। তাঁরা সবাই আশুলিয়ার গাজীরচটের প্রভাবশালী এ আর মণ্ঠুর সমর্থক। আশুলিয়া থানার পুলিশসহ প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন বাইপাইল শাখার সভাপতি সানাউল্লাহকে আটক করা হয়। কিন্তু অভিযোগের সত্যতা না পাওয়ায় গতকাল শুক্রবার সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর প্রতিবাদে গাজীরচটের প্রভাবশালী এ আর মণ্ঠু গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁর সমর্থকদের নিয়ে মিছিল বের করেন। তাঁরা বাইপাইল এলাকায় গিয়ে আন্তজেলা ট্রাক-চালক ইউনিয়ন অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাব ভাঙচুর করেন। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন বাইপাইল শাখার সভাপতি সানাউল্লাহ জানান, বাইপাইলের ট্রাকস্ট্যান্ড দখল করার জন্যই এ আর মণ্ঠুর লোকজন মিথ্যা অভিযোগে তাঁকে আটক করান। কিন্তু প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা না পেয়ে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। তিনি অভিযোগ করেন, একই উদ্দেশ্যে এ আর মণ্ঠুর নেতৃত্বে অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।ঘটনার পর থেকে এ আর মণ্ঠুর মুঠোফোন বন্ধ পাওয়ার কারণে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। গতকাল রাত সাড়ে আটটার দিকে যোগাযোগ করা হলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ অফিস ভাঙচুরের অভিযোগে এর আর মণ্ঠুসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।