সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেড) এবং সাভারের কলমায় শ্রমিক অসন্তোষের কারণে গতকাল শনিবার দুটি পোশাক কারখানায় ছুটি দিয়ে দেওয়া হয়। পারিশ্রমিক বাড়ানোসহ কর্মকর্তাদের অপসারণের দাবিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন।আশুলিয়া থানা পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, ডিইপিজেড এলাকার হেলিকন সোয়েটার লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল দুপুরে পারিশ্রমিক বাড়ানোসহ যাতায়াত ভাড়া ও দুপুরের খাবার সরবরাহের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে শ্রমিকেরা তাঁদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যান। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানায়। এতে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার নিটিং ইনচার্জ আবদুল কুদ্দুস ও মাহবুবুল আলমকে মারধর করেন। এ সময় কর্তৃপক্ষের লোকজনও সংঘবদ্ধ হয়ে শ্রমিকদের প্রতিরোধ করার চেষ্টা করলে শ্রমিকেরা তাঁদের ধাওয়া করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শ্রমিকেরা কারখানার ভেতর বিক্ষোভ অব্যাহত রাখেন। বিকেল সাড়ে তিনটার দিকে ডিইপিজেড কর্তৃপক্ষ কারখানায় গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে আজ রোববার মালিক পক্ষের সঙ্গে আলাপ করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিকেল চারটায় শ্রমিকেরা শান্ত হন। এর পর কারখানাটি ছুটি দিয়ে দিলে শ্রমিকেরা বাড়ি চলে যান। ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর ও আশুলিয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলাপ হয়েছে। আজ রোববার উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টি নিষ্পত্তি করা হবে।