সাভার ও আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার ও আশুলিয়ার দুটি কারখানায় গতকাল মঙ্গলবার ফের শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। সাভারের হেমায়েতপুরের ফা অ্যাপারেলস ও আশুলিয়ার নিশ্চিন্তপুরের নাসা বেসিক লিমিটেডের শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল ও কারখানার গ্লাস ভাঙচুর করেছেন। আশুলিয়া থানার পুলিশ জানায়, সম্প্রতি নাসা বেসিক লিমিটেডের বেশ কয়েকজন শ্রমিক বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি নামের একটি সংগঠনের সদস্য হন। বিষয়টি জানতে পেরে ওই কারখানার পরিচালক (প্রশাসন) মোসাদ্দেক আলী গতকাল শ্রমিকদের ওই সংগঠন থেকে পদত্যাগ করতে বলেন। শ্রমিকেরা অস্বীকৃতি জানালে ওই কর্মকর্তা কয়েকজন শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই খবর ছড়িয়ে পড়লে কারখানার প্রায় চার হাজার শ্রমিক দুপুর দুইটার দিকে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। বিকেল তিনটার দিকে শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। তাঁরা নিশ্চিন্তপুর এলাকার নাসা গ্রুপের অপর একটি কারখানায় গিয়ে ওই কারখানার শ্রমিকদেরও তাঁদের সঙ্গে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। সেখান থেকে ফেরার পথে তাঁরা আবদুল্লাপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত হয়ে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানালে শ্রমিকেরা কারখানায় ফিরে যান। কারখানায় গিয়েও তাঁরা বেতন-ভাতা বাড়ানোসহ শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন। পুলিশ কর্মকর্তারা তাঁদের দাবির ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে কোনো সমাধান ছাড়াই শ্রমিকেরা বাড়ি চলে যান। সাভার থানার পুলিশ জানায়, গতকাল ফা অ্যাপারেলসের শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ১২টার দিকে তাঁরা জানতে পারেন, বেতন পরে দেওয়া হবে। শ্রমিকেরা তাত্ক্ষণিক কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা কারখানাসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করে। এরপর কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা চলে যান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ও সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উল্যাহ শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।