সাভার ও আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী ও অজ্ঞাত পরিচয় দুই নারী নিহত হয়েছেন। গত দুই দিনে বাসের চাকায় পিষ্ট হয়ে তাঁরা মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
আশুলিয়া থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল আটটার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় ফরহাদ হোসেন (৫০) নামের এক ব্যবসায়ী রাস্তা পার হওয়ার সময় ছোট একটি যাত্রীবাহী যান তাঁকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনার পর পুলিশ ওই গাড়িটি আটক করলেও পরে ছেড়ে দেয়। নিহত ফরহাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়। তিনি আশুলিয়ায় মাছের ব্যবসা করতেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু মণ্ডল বলেন, ওই গাড়িটি মাইক্রোবাস কেটে যাত্রীবাহী বাসের আদলে তৈরি করা। এটির সড়ক-মহাসড়কে যাত্রী পরিবহনের কোনো অনুমতি নেই। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিতে অপারগতা প্রকাশ করায় মামলা করা সম্ভব হয়নি। একই কারণে গাড়িটিও ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে সাভার মডেল থানা-পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে একটার মধ্যে সাভার বাসস্ট্যান্ড এলাকার রেডিওকলোনি ও রাজালাখ ফার্মের কাছ থেকে দুই নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।
সাভার মডেল থানার এসআই শেখ ফরিদ আহমেদ বলেন, সম্ভবত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তাঁরা মারা গেছেন।