সাভার ও কেরানীগঞ্জে তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে ১৬ ঘণ্টার ব্যবধানে এক রিকশাচালক ও অজ্ঞাতনামা এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের হত্যার পর লাশ ফেলে যাওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
এদিকে কেরানীগঞ্জ উপজেলার একটি ডোবা থেকে গতকাল রোববার মো. মাসুম (২৫) নামের এক তরুণের হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাভারে নিহত মোহাম্মদ আলী (৩৮) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মৃধাপাড়া গ্রামের খালেক সরকারের ছেলে। তিনি স্ত্রী-সন্তানসহ সাভারের নগরকোন্ডায় থেকে যন্ত্রচালিত রিকশা চালাতেন।
সাভার মডেল থানার পুলিশ ও স্থানীয় অনেকে জানান, সাভারের বনগ্রাম ইউনিয়নের নিকরাইল এলাকার একটি বিলের পাশ থেকে গত শনিবার রাত আটটার দিকে পুলিশ আলীর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
রাতেই সাভার মডেল থানায় হত্যা মামলা করেন নিহত আলীর স্ত্রী আমেনা বেগম। তিনি বলেন, তাঁর স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল না। রিকশা লুটের জন্য তাঁর স্বামীকে খুন করা হতে পারে।
জানতে চাইলে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন মিয়া বলেন, আলীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে মারধর অথবা শ্বাসরোধে হত্যার পর রিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে সাভার হাইওয়ে থানার কাছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সীমানাপ্রাচীর ও ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে এক তরুণীর (২০) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
সাভার মডেল থানার এসআই শাহীন শেখ বলেন, মৃতদেহ অর্ধগলিত। তাই ওই তরুণীকে কীভাবে হত্যা করা হয়েছে, তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাঁকে অন্যত্র হত্যার পর মৃতদেহ বিপিএটিসির পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। পরিচয় না পাওয়ায় প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কেরানীগঞ্জে নিহত মাসুম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বেয়ারা এলাকার মানোয়ার হোসেনের বড় ছেলে। তিনি হাসনাবাদ এলাকার একটি আবাসন প্রকল্পে কাজ করতেন।
নিহত মাসুমের মা কুলসুম আক্তার জানান, খেলতে যাওয়ার কথা বলে গত শুক্রবার বিকেলে মাসুম বাসা থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা খবর পান, বেয়ারা মুসলিমনগর এলাকার একটি ডোবায় একটি লাশ ভাসছে। তাঁরা গিয়ে দেখেন, লাশটি মাসুমের।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শাহ আলম জানান, হত্যাকাণ্ডের ব্যাপারে মাসুমের পরিবার সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দিতে পারেনি। তারা মামলা করতে আসেনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।