সাভার ও ধামরাই সাড়ে নয় ঘণ্টা বিদ্যুৎবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভার ও ধামরাইয়ের অংশবিশেষে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এতে চরম দুর্ভোগ পোহান গ্রাহকেরা।

দুর্ঘটনায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটি ভেঙে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১২টার দিকে সাভারের ব্যাংকটাউন এলাকায় দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় সড়কের পাশে থাকা ৩৩ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটি ভেঙে যায়। এতে গতকাল দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত সাভারের বাজার রোড, জামসিং, রেডিওকলোনি, বিপিএটিসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকাসহ ধামরাইয়ের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। আজ সকাল সাড়ে নয়টার পর বিদ্যুৎ আসে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গতকাল সারা দিনই আধঘণ্টা পর পর বিদ্যুৎ আসা-যাওয়া করে। দিবাগত রাত ১২টার পর বিদ্যুৎ একেবারেই চলে যায়। এতে তাঁরা চরম দুর্ভোগ পোহান।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ওয়াহিদুল ইসলাম বলেন, প্রচণ্ড গরমের কারণে গতকাল বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যা ছিল। আর খুঁটি ভেঙে পড়ায় গতকাল রাত থেকে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।