সাভার ও ধামরাইয়ে তীব্র গ্যাস-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করেন সাভার বাজার রোডের নিপা বেগম। প্রতিদিন তাঁকে রান্না সেরে ছুটতে হয় কর্মস্থলে। কিন্তু গ্যাসের চাপ কমে যাওয়ায় এক মাস ধরে রান্না করে চাকরি টিকিয়ে রাখা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে।
নিপা বেগম বলেন, ‘স্বামী, এক সন্তানসহ আমাদের তিন সদস্যের পরিবার। এ কারণে চাকরির পাশাপাশি রান্নার কাজও আমাকেই সারতে হয়। গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্না শেষ করে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে যাওয়া সম্ভব হয় না। আবার নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত হতে হলে রান্না শেষ করা যায় না।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার অঞ্চলের উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) কার্যালয় সূত্রে জানা গেছে, সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জে অন্তত ৮০ হাজার আবাসিক এবং ১ হাজার ১০০টি বাণিজ্যিক গ্রাহক আছে। এসব গ্রাহকের জন্য প্রতিদিন যে পরিমাণ গ্যাস প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ অঞ্চলে গ্যাসের সংকট প্রকট হয়ে উঠেছে।
সাভার পৌর এলাকার জালেশ্বর মহল্লার একটি বাড়ির আটতলায় ভাড়া থাকেন ব্যবসায়ী কল্পনা বেগম। গ্যাসের সমস্যায় তাঁকেও নানাভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে। তিনি বলেন, ভোর থেকে বেলা তিনটা পর্যন্ত তাঁর বাসায় গ্যাস থাকে না। তিনটার পর কিছুটা গ্যাস পাওয়া গেলেও তাতে রান্না হয় না। এ কারণে তিনি বিকল্প হিসেবে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করেন। এতে প্রতি মাসে তাঁকে দুই হাজার টাকা বাড়তি খরচ করতে হয়।
ভোগান্তির কারণে তিতাস গ্যাস ব্যবহার বন্ধ রেখে সিলিন্ডার ব্যবহার করছেন পৌর এলাকার উত্তর পাড়ার আরেক গৃহিণী রেহেনা বেগম। তিনি অভিযোগ করেন, হাজার হাজার অবৈধ সংযোগের কারণে সাভারে গ্যাসের ব্যবহার বেড়ে গেছে। এ কারণে এ সংকটের সৃষ্টি হয়েছে।
সাভার বাজারের নিতাই চাঁদ মিষ্টান্ন ভান্ডারের মালিক সুমন ঘোষ বলেন, গ্যাস-সংকটের কারণে তাঁর প্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী মিষ্টি উৎপাদন করা যাচ্ছে না। তাঁর প্রতিদিন অন্তত ৪০০ কেজি মিষ্টির প্রয়োজন। কিন্তু গ্যাসের অভাবে উৎপাদন হচ্ছে ১৫০ থেকে ২০০ কেজি। এতে উৎপাদন খরচ বেড়ে গেছে আর আয় কমে গেছে।
ধামরাই পৌর এলাকার দক্ষিণ পাড়ার গৃহিণী শিল্পী বেগম বলেন, মাঝেমধ্যে গ্যাস থাকে না। আবার গ্যাস থাকলেও চাপ এতই কম থাকে যে রান্না করা যায় না। রেন্ট-এ-কারের ব্যবসা করেন ধামরাইয়ের ইসলামপুরের আলী আশরাফ। গ্যাস-সংকটের কারণে তাঁর ব্যবসা এখন বন্ধ হওয়ার পথে। তিনি বলেন, কয়েক মাস ধরে সময় ও চাহিদামতো গ্যাস না পাওয়ায় তাঁকে প্রায় দিনই অনেক ট্রিপ ছেড়ে দিতে হচ্ছে। এ কারণে তাঁকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে।
তিতাসের সাভার অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোকসেদুর রহমান বলেন, এমনিতেই শীতকালে পাইপের ভেতরে তরল জমে থাকায় গ্যাস চলাচল বাধাগ্রস্ত হয়ে চাপ কমে যায়। আবার উৎপাদনের তুলনায় গ্যাসের চাহিদা অনেক বেশি থাকায় সরবরাহ কমে গিয়ে সংকট আরও প্রকট হয়েছে।