সাভার ও ধামরাইয়ে দুটি লাশ উদ্ধার
রাজধানীর অদূরে সাভার ও ধামরাইয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশ এক যুবক ও তরুণীর লাশ উদ্ধার করেছে। তাদের নির্যাতনের পর শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। সাভার থানার পুলিশ জানায়, গান্ধারিয়া এলাকার ইউসুফনগর থেকে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে অজ্ঞাত পরিচিত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল প্যান্ট ও শার্ট। বয়স আনুমানিক ৩৫ বছর। সাভার থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে সাভার থানায় একটি হত্যা মামলা হয়েছে। এদিকে ধামরাই থানার পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে ধামরাইয়ের সানরা ইউনিয়নের ভালুম উত্তরপাড়া এলাকার একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাঁর বয়স আনুমানিক ২০ বছর। পরনে ছিল সালোয়ার-কামিজ। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, অজ্ঞাত পরিচয়ের ওই তরুণীকে নির্যাতনের পর শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ধামরাই থানায় হত্যা মামলা করা হয়েছে।