সাভার ও ধামরাইয়ে পুলিশের আটক-বাণিজ্য চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার ও ধামরাই থানা পুলিশের আটক-বাণিজ্য চলছেই। টাকার জন্য এ দুটি থানার কতিপয় কর্মকর্তা লোকজনকে আটকের পর সুবিধামতো ছেড়ে দিচ্ছেন। এসব অপকর্ম ধামাচাপা দিতে তাঁরা একেক সময় একেক রকম তথ্য উপস্থাপন করছেন।
নাশকতার অভিযোগে গত সোমবার আটক করা হয় ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন যুবদলের সভাপতি আলাউদ্দিনকে। আটকের পরপরই তাঁকে ছাড়াতে তৎপরতা শুরু করেন স্বজনেরা। একপর্যায়ে ছাড়াও পেয়ে যান তিনি।
আটকের পর থানা থেকে ছাড়ানোর তদবিরের খবর পেয়ে জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, গাড়ি পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো তদবির বা টাকার বিনিময়ে তাঁকে ছাড়া হবে না। অথচ এর কয়েক ঘণ্টা পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আলাউদ্দিনকে ছেড়ে দেওয়ার সংবাদ পেয়ে পুনরায় যোগাযোগ করা হলে ওসি আবদুর রশিদ বলেন, একটি সেতুর কাছে মাটি কাটার অভিযোগে তাঁকে আটক করা হয়। পরে শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) রফিকুল ইসলামের অনুরোধে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে রফিকুল ইসলাম ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। এরপর আর তিনি ফোন না ধরায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
তবে আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, স্থানীয় আওয়ামী লীগের এক নেতার তদবিরে তিনি ছাড়া পেয়েছেন। এ জন্য তাঁর টাকাও খরচ হয়েছে। তবে কাকে টাকা দিয়েছেন আর কত টাকা দিয়েছেন, তা তিনি স্পষ্ট করে বলেননি।
ধামরাইয়ে গোয়ালদি গ্রামের সলিম, মজিদ, রহমান ও স্বপন নামের চার তরুণ ১ জানুয়ারি বাড়ির পাশে বসে তাস খেলছিলেন। সেখান থেকে তাঁদের ধরে নিয়ে যান ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোল্লা আনোয়ার ও জুয়েল হোসেন। কয়েক ঘণ্টা মাইক্রোবাসে ঘোরানোর পর স্থানীয় শোমভাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়ার মধ্যস্থতায় ৫০ হাজার টাকার বিনিময়ে তাঁরা ছাড়া পান।
জানতে চাইলে ইউপি সদস্য বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তিনি এলাকার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এএসআই মোল্লা আনোয়ার ও জুয়েল হোসেন টাকা নেওয়ার কথা স্বীকার করে এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।
সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির ফরহাদ ইকবালকে গত ২২ ডিসেম্বর বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। অথচ তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় উদ্ধার দেখানো হয় ১৫০টি ইয়াবা। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জামিনুর রহমান মামলাটি দায়ের করেন।
তবে প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ‘চার হাজার বা ১৫০টি নয়, ফরহাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে মূলত ছয়টি। বাকি ১৪৪টি ইয়াবা কীভাবে সমন্বয় করব তা নিয়ে আমি দুশ্চিন্তায় আছি।’
পুলিশ কর্মকর্তাদের এসব বক্তব্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা জেলা পুলিশের একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা উভয়ই সত্য আড়াল করতে গিয়ে একেক সময় একেক ধরনের তথ্য উপস্থাপন করেছেন।