সাভার ও ধামরাইয়ে সক্রিয় প্রতারকেরা
ঈদ সামনে রেখে ঢাকার সাভার ও ধামরাইয়ে তৎপর হয়ে উঠেছে ছিনতাইকারী ও প্রতারক চক্রের সদস্যরা। গত এক সপ্তাহে তাদের কাছে প্রতারণা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন বেশ কয়েকজন যানবাহনশ্রমিক, পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এসব অপরাধের সঙ্গে যুক্ত কয়েকজন পুলিশের হাতে ধরাও পড়েছে।
গত শনিবার রাতে চালককে অচেতন করে প্রাইভেট কার নিয়ে পালানোর সময় সাভারের জোরপোল এলাকা থেকে ইয়াদুল, আলমগীর ও আবদুল করিম নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আশুলিয়ার নন্দন পার্কে যাওয়ার কথা বলে শনিবার বিকেলে ওই তিন প্রতারক রাজধানীর মিরপুর থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে। তারা ওই গাড়িতে করে নন্দন পার্কে যাওয়ার পর চালক মনির হোসেনকে নিয়ে একসঙ্গে ইফতার করে। এরপর ঢাকায় ফেরার পথে আশুলিয়ার বাইপাইল এলাকায় পৌঁছে চালকসহ তারা কয়েকটি কোমল পানীয় পান করে। সাভার বাসস্ট্যান্ডে পৌঁছার পর চালক মনির অচেতন হয়ে পড়লে প্রতারক চক্রের সদস্য করিম গাড়িটির নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপোল এলাকায় পৌঁছে মনিরকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে ডিবি পুলিশ গতকাল সাভার মডেল থানায় মামলা করেছে।
সাভার থেকে কেনাকাটা করে গত শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ফেরার উদ্দেশ্যে সাভার বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠেন ভারতী রানী চৌধুরী। বাসের জানালার পাশের একটি আসনে বসার পরপরই এক ছিনতাইকারী তাঁর গলায় থাকা এক ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। ঝামেলা এড়াতে তিনি মামলা করেননি।
উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফেরার পথে শুক্রবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় প্রাইভেট কার থামিয়ে চা খাচ্ছিলেন এক ব্যবসায়ী। এক নারী তাঁকে কয়েক গজ দূরে নিয়ে কথা বলতে থাকেন। তখন সাদা পোশাকে কয়েকজন লোক সেখানে গিয়ে পুলিশ পরিচয় দেয় এবং ওই নারীসহ তাঁকে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেয়। এ সময় ওই ব্যবসায়ী মানসম্মানের ভয়ে কয়েক হাজার টাকা দিয়ে তাদের কাছ থেকে রেহাই পান। ঘটনার সময় মানুষের জটলা দেখে সেখানে গিয়ে এই প্রতিবেদক বিষয়টি জানতে পারেন।
কবীর হোসেন নামের সাভার নামাবাজার এলাকার এক ব্যাবসায়ী গত ২৯ জুন লক্ষাধিক টাকা নিয়ে কলা কেনার জন্য কুষ্টিয়ার কুমারখালী যাচ্ছিলেন। প্রতারক চক্রের সদস্যরা তাঁকে অচেতন করে তাঁর কাছ থেকে এক লাখ পাঁচ হাজার টাকা লুট করে নিয়ে যায়। কবীরের ভাই আলমগীর হোসেন বলেন, সাভার বাসস্ট্যান্ড থেকে রাত ১১টার দিকে বাসে ওঠেন কবীর। তাঁর পাশের আসনে বসা অপর যাত্রী তাঁকে অচেতন করে ওই টাকা নিয়ে সটকে পড়ে। দুই দিন পর কুষ্টিয়া থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
সাপ্তাহিক ছুটিতে বাড়ি যাওয়ার জন্য গত বৃহস্পতিবার রাতে ধামরাইয়ের ইসলামপুর থেকে আরিচাগামী একটি মাইক্রোবাসে ওঠেন রাজবাড়ীর সঞ্জয় সরকারসহ আরও কয়েকজন। যানটি ছাড়ার কয়েক মিনিট পরই যাত্রীবেশে বসে থাকা ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাঁদের সর্বস্ব লুটে নেয়। তাঁদের ধামরাইয়ের বাথুলী এলাকায় নামিয়ে দিয়ে দ্রুত আরিচার দিকে চলে যায় ছিনতাইকারীরা।
এ প্রসঙ্গে আশুলিয়া ও ধামরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, ঈদ উপলক্ষে প্রতারকেরা তৎপর হয়ে উঠেছে। তবে পুলিশও তাদের ধরতে তৎপরতা বাড়িয়েছে। পুলিশের তৎপরতার কারণে এরই মধ্যে বেশ কয়েকজন প্রতারক ধরা পড়েছে। অন্যদের ধরতে নানা ফাঁদ পাতা হয়েছে।