সাভার ও মুন্সিগঞ্জে শিশুসহ চারজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বিভিন্ন এলাকা থেকে গতকাল রোববার তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন মুন্সিগঞ্জে এক শিশু ও আরেক তরুণের লাশ উদ্ধার করা হয়।
সাভার থানার পুলিশ জানায়, গতকাল ভোরে সাভারের জয়নাবাড়ি এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে হেলাল উদ্দিন (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। হেলালের বাড়ি নরসিংদীর রায়পুরায়। তিনি রাতে ওই গ্যারেজের নিরাপত্তার দায়িত্ব পালন করতেন।
সাভার থানার এসআই এ বি এম শাহ আলম বলেন, গ্যারেজে বিদ্যুতের সাহায্যে ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়া হয়। সম্ভবত ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলাল মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গতকাল সকালে সাভারের ভাকুর্তার সলমাশি এলাকা থেকে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, তাঁকে গলায় রশি দিয়ে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।
এ ছাড়া সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির লাশ পাওয়া যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসক আমজাদুল হক বলেন, ভোরে দুই ব্যক্তি লাশ হাসপাতালের বারান্দায় রেখে পালিয়ে যান। পরে বিষয়টি সাভার মডেল থানাকে অবহিত করা হয়। থানার ওসি কামরুজ্জমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধুপুর গ্রামের একটি ডোবা থেকে গতকাল বিকেলে জাকারিয়া নামের এক বছরের শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে বসতঘর থেকে জাকারিয়াকে কে বা কারা চুরি করে। শিশুটি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
গতকাল সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।