সাভার ও সিদ্ধিরগঞ্জে শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন, বোনাসসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার টঙ্গাবাড়ী ও জয়নাবাড়ীতে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে অবশ্য মালিকপক্ষের সঙ্গে সমঝোতা হওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জেও ঈদের বোনাসের দাবিতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় মালিকপক্ষের লোকজনের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ১০ জন শ্রমিক আহত হন।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, টঙ্গাবাড়ী এলাকার ন্যাচারাল ডেনিমস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের সঙ্গে শতভাগ বোনাস এবং টিফিন ভাতা, ঈদের ছুটি বাড়ানোসহ ১৩ দফা দাবিতে গত বুধবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা শেষে ৬০ শতাংশ বোনাস দেওয়ার প্রতিশ্রুতিতে শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করে ফিরে যান। কিন্তু গতকাল সকালে কর্মস্থলে গিয়ে শ্রমিকেরা একই দাবিতে কাজ বন্ধ করে আবারও বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ লিখিত চুক্তি করলে শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করেন। এরপর কর্তৃপক্ষ কারখানাটি ছুটি দিলে দুপুরে শ্রমিকেরা ফিরে যান। জয়নাবাড়ী এলাকায় ফা অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরাও বকেয়া বেতন, ঈদের বোনাস ও অতিরিক্ত কাজের পারিশ্রমিকের দাবিতে গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে বসে থাকেন। দুপুর একটার দিকে কর্তৃপক্ষ বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা কাজে যোগ দিতে রাজি হন। কিন্তু কর্তৃপক্ষ গতকালের জন্য কারখানাটি ছুটি দিয়ে দেয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ও সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে তৈরি পোশাক কারখানা পিএম গার্মেন্টসের শ্রমিকেরা ঈদের বোনাসের দাবিতে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এ সময় মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা তিনটায় যান চলাচল স্বাভাবিক হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।