সাভার কারখানায় ডাকাতি ৩১ লাখ টাকার মাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বাজার রোডের ‘পাওয়ারব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের কারখানায় গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ৩১ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সাভার থানার পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাজ শেষে কারখানার শ্রমিক ও কর্মকর্তারা বাড়ি চলে যান। এ সময় কারখানার নিরাপত্তার দায়িত্বে ছিলেন মো. নুরুল ইসলাম ও মো. কামরুল ইসলাম। গতকাল বুধবার সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানার মূল ফটকসহ গুদাম ও অফিসকক্ষের দরজা ভাঙা দেখতে পান। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা নুরুল ইসলাম ও কামরুল ইসলামকে অচেতন অবস্থায় কারখানার ছাদে পড়ে থাকতে দেখে শ্রমিকেরা কর্মকর্তাদের বিষয়টি জানান। খবর পেয়ে কর্মকর্তারা কারখানায় গিয়ে ডাকাতির বিষয়ে নিশ্চিত হন। কারখানায় বিদ্যুতের ট্রান্সফরমারসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করা হয়। কারখানার সহকারী ব্যবস্থাপক মাসুদ আল মাহমুদ জানান, শ্রমিকদের কাছ থেকে জানতে পেরে বুধবার সকাল আটটার দিকে তিনি কারখানায় উপস্থিত হন। এরপর অচেতন অবস্থায় দুজন নৈশ প্রহরীকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কারখানার মালিক আশফাকুর রহমান জানান, ডাকাতেরা কারখানা থেকে প্রায় ৩১ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। ডাকাতির সঙ্গে দুজন নৈশ প্রহরীও জড়িত বলে তিনি ধারণা করছেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ডাকাতেরা নৈশপ্রহরীদের নাকে চেতনানাশক কোনো পদার্থ দিয়ে অচেতন করে মালামাল লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে।