সাভার গাজীপুরে দুজন খুন
ঢাকার ধামরাইয়ে যৌন হয়রানির শিকার হয়ে এক গৃহবধূ গত রোববার রাতে এক তরুণকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় এক মুদি দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়।
ধামরাইয়ে নিহত তরুণের নাম ঠাণ্ডু মিয়া (৩০)। ধামরাই থানার পুলিশ সূত্র জানায়, ঠাণ্ডু মিয়া দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ঠাণ্ডুকে হত্যার পরিকল্পনা করেন ওই গৃহবধূ। গত রোববার রাতে ঠাণ্ডুকে নিজ ঘরে ডেকে নিয়ে কৌশলে হত্যা করেন তিনি। এরপর লাশ বাড়ির অদূরে ধানখেতে ফেলে দেন। খবর পেয়ে পুলিশ গতকাল সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ গৃহবধূকে আটক করে।
পুলিশ হেফাজতে থাকা গৃহবধূ সাংবাদিকদের বলেন, পেশাগত কারণে তাঁর স্বামী নিয়মিত বাড়ি থাকতেন না। এই সুযোগে দীর্ঘদিন ধরে ঠাণ্ডু তাঁকে উত্ত্যক্ত করছিলেন। নিরুপায় হয়ে তিনি ঠাণ্ডুকে হত্যার পরিকল্পনা করেন।
ধামরাই থানার ওসি রিজাউল হক বলেন, গৃহবধূর ঘর থেকে ঠাণ্ডুর রক্তমাখা লুঙ্গি ও ছোরা উদ্ধার করা হয়েছে।
এদিকে গাজীপুরের কালিয়াকৈরের বরাব এলাকার নিহত মুদি দোকানির নাম আবদুল খালেক (৫৫)। থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে তিনটার দিকে প্রতিবেশী ফিরোজা বেগম নিজ ঘরের পেছনে মানুষের গোঙানির শব্দ শুনতে পান। পরে ফিরোজা ও তাঁর ছেলে ফিরোজ মিয়া ঘর থেকে বেরিয়ে আবদুল খালেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তাঁর পরিবারের লোকজনদের খবর দেন। হাসপাতালে নেওয়ার পথে আবদুল খালেক মারা যান। তাঁর কপালে ও নাকে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে। এ ছাড়া নিহত আবদুল খালেক, তাঁর ছেলে আনোয়ার এবং ফিরোজা বেগম ও তাঁর ছেলে ফিরোজ মিয়ার মুঠোফোন সেট জব্দ করেছে পুলিশ।