সাভার ট্র্যাজেডির ঘটনায় ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ধসে পড়া রানা প্লাজার হতাহত, নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের তালিকা প্রকাশ এবং তাঁদের ক্ষতিপূরণের দাবিতে আজ শুক্রবার গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের স্বজনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয় থেকে আজ বেলা ১১টায় শুরু হওয়া গণপদযাত্রাটি থানা সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে সাভার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এরপর ধসে পড়া রানা প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।

ফজলে হোসেন বলেন, রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকেরা কোনো সাহায্য পাননি। নিহতদের স্বজনদের সহায়তা দেওয়া হলেও তার পরিমাণ নগণ্য। কিন্তু সরকারের কাছে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য অনুদান হিসেবে পাওয়া বিপুল পরিমাণ টাকা জমা আছে। কী কারণে সেই অর্থ বণ্টন করা হচ্ছে না, তা জাতি জানতে চায়। তিনি শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে আইন করার পাশাপাশি অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের স্বজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

আইনজীবী মন্টু ঘোষ বলেন, রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া না হলে আন্দোলন করে দাবি আদায় করা হবে। তিনি হতাহত, নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের তালিকা প্রকাশসহ অনুদান হিসেবে পাওয়া টাকার পরিমাণ জানানোর দাবি জানান।

আইনজীবী মাহবুবুর রহমান বলেন, রানা প্লাজা ধসের তিন মাস পার হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কাছে কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। সরকার সব শ্রমিক ও তাঁদের স্বজনদের ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিলেও অনুদানের টাকা উদ্বৃত্ত থাকবে।

ক্ষতিগ্রস্ত শ্রমিক নুরুল ইসলাম বলেন, ভবন ধসে রানা প্লাজার বিভিন্ন পোশাক কারখানার যেসব শ্রমিক আহত অবস্থায় বেঁচে আছেন তাঁদের সবাই বেকার। কিন্তু সরকারের পক্ষ থেকে এসব শ্রমিকের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।  

ক্ষতিগ্রস্ত শ্রমিক খালেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক তপন সাহা, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল হক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাভার উপজেলা কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাস।