সাভার থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মনজুরুল আলমের বাড়িতে তল্লাশি ও মালপত্র নষ্ট করার অভিযোগে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই বাড়ির তত্ত্বাবধায়ক জামাল শেখ গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ মামলা করেছেন।মামলার এজাহারে বলা হয়েছে, সাভার মডেল থানার ওসি মাহাবুবুর রহমান, উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার মাতাব্বর গত রোববার রাতে সাভার উপজেলার হেমায়েতপুরে অবস্থিত মনজুরুল আলমের বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁরা মালপত্র তছনছ করেন এবং বাড়ির দুই কর্মচারী কৃষাণ শীল ও সাজ্জাদকে মারপিট করেন।এ বিষয়ে জানতে চাইলে ওসি মাহবুবুর রহমান জানান, মনজুরুল আলম এবং তাঁর ছোট ভাই ফখরুল আলমের বিরুদ্ধে কয়েক মাস আগে সাভার থানায় একটি হত্যা মামলা করা হয়। এ ছাড়া সম্প্রতি তাঁদের বিরুদ্ধে সাভার থানা ঘেরাও, ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও একটি মামলা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে রোববার রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের গ্রেপ্তারের জন্য ওই বাসায় তল্লাশি চালানো হয়। তবে বাসায় কোনো মালামাল তছনছ বা কাউকে মারপিট করা হয়নি।ওসি মাহাবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলার পর কী নির্দেশনা দিয়েছেন, তা তিনি জানেন না।