সাভার মডেল থানার দুইজন উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান ও ফৌজিয়া সুলতানাকে গতকাল শনিবার প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দুজনে সম্পর্কে স্বামী-স্ত্রী। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাভার থানায় গতকাল সকালে একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করার কয়েক ঘণ্টার মধ্যে তাঁদের প্রত্যাহারের নোটিশ এসেছে। থানা সূত্রে জানা যায়, সাভারের সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেওয়ান মোহামঞ্চদ সালাউদ্দিন গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাভার থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই সময় থানার কর্তব্যরত কর্মকর্তার (ডিউটি অফিসার) দায়িত্বে ছিলেন এসআই ফৌজিয়া সুলতানা। ওই ডায়েরিতে উল্লেখ করা হয়, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় সঞ্চৃতিসৌধ পর্যন্ত বিভিন্ন দলের উদ্যোগে শতাধিক তোরণ নির্মিত হয়েছে। কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ওই সব তোরণ পুড়িয়ে তাঁকেসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ষড়যন্ত্র করছেন। সূত্র জানায়, ডায়েরি করার বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে থানায় তোলপাড় শুরু হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এর পর গতকাল বিকেলেই স্বামী-স্ত্রী দুই এসআইকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়। এসআই ফৌজিয়া বলেন, ‘থানার জ্যেষ্ঠ একজন কর্মকর্তার সমঞ্চতি নিয়ে ডায়েরিটি নথিভুক্ত করি। আর আমার স্বামী এসআই শাহিন তখন থানায় ছিলেন না। এর পরও আমাদের দুজনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে।’ সাভার থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান দুই এসআইকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করলেও কী কারণে তাঁদের প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।