সাভার থেকে অপহৃত ৫ শিশু গোয়ালন্দে উদ্ধার
ঢাকার সাভার থেকে অপহৃত পাঁচটি শিশু গতকাল সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ থানা থেকে উদ্ধার করা হয়েছে। তারা অক্ষত আছে। গত রোববার সন্ধ্যায় খেলার মাঠ থেকে তাদের কৌশলে অপহরণ করে নিয়ে যান এক ব্যক্তি।
উদ্ধার হওয়া শিশুরা হচ্ছে সাভারের শোভাপুর গ্রামের মাধব সরকারের ছেলে নিরঞ্জন সরকার (১০), মো. কালু প্রামাণিকের ছেলে রুমন প্রামাণিক (৯), মো. হাবিবুর রহমানের ছেলে মো. শাওন (৮), মো. আসাদ ভূঁইয়ার ছেলে মো. আমির হোসেন ভূঁইয়া (১২) ও মো. ইকবাল হোসেনের ছেলে মো. আশিক (৮)।
পুলিশ ও উদ্ধার হওয়া শিশুদের সূত্রে জানা গেছে, এই শিশুরা রোববার বিকেলে সাভারের শোভাপুরের একটি ইটভাটার মাঠে ফুটবল খেলছিল। এ সময় মোস্তাকিন নামের এক ব্যক্তি কৌশলে তাদের বাসে তুলে দৌলতদিয়ায় নিয়ে যান। সেখান থেকে নিয়ে যান রাজবাড়ী রেলওয়ে স্টেশনে। মোস্তাকিনসহ শিশুগুলোকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে রেলওয়ে পুলিশ শিশুদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন মোস্তাকিন পালিয়ে যান। পরে পুলিশ শিশুগুলোকে রাজবাড়ী রেলওয়ে থানায় নিয়ে যায়। পরে গোয়ালন্দ থানার পুলিশ অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে। গতকাল দুপুরে একজন অভিভাবক এসে শিশুদের নিয়ে যান।
শিশু আমির হোসেনের বাবা আসাদ ভূঁইয়া জানান, রোববার সন্ধ্যার পরও ছেলে বাসায় না ফেরায় তাঁরা দুশ্চিন্তায় পড়ে যান। রাতে সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও ছেলের সন্ধান পাননি। পরে গতকাল বেলা ১১টার দিকে তাঁর ছেলেসহ অন্যদের উদ্ধারের খবর পেয়ে তিনি গোয়ালন্দ থানায় ছুটে আসেন।