সাভার, ধামরাই ও সিঙ্গাইর নিয়ে জেলা ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার, ধামরাই ও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নিয়ে ‘জাহাঙ্গীরনগর’ নামে নতুন জেলা ঘোষণার দাবি উঠেছে। জাহাঙ্গীরনগর জেলা বাস্তবায়ন কমিটি গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ দাবি তোলে।
কমিটির আহ্বায়ক সাবেক সাংসদ জামাল উদ্দিন বলেন, সাভার ও ধামরাই ঢাকা জেলার দুটি উপজেলা। কিন্তু জেলার কার্যক্রম চলে ঢাকা মহানগর থেকে। আদালতসহ জেলা পর্যায়ের সব কার্যালয়ও মহানগরে। ফলে জেলা পর্যায়ে যেকোনো সুবিধার জন্য এখানকার নাগরিকদের ঢাকায় যেতে হয়। আর সিঙ্গাইর মানিকগঞ্জের উপজেলা হলেও সেখানকার নাগরিকেরা সাভারের ওপর নির্ভরশীল। তাই সাভার, ধামরাই ও সিঙ্গাইর উপজেলা নিয়ে নতুন একটি জেলা ঘোষণা জরুরি হয়ে পড়েছে।
জামাল উদ্দিন আরও বলেন, দেশ যেভাবে এগোচ্ছে, সে তুলনায় সাভার, ধামরাই ও সিঙ্গাইর উপজেলা অনেক পিছিয়ে। রাজধানীর খুব কাছের এসব জনপদের মানুষ প্রায় সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নতুন জেলা হলে মানুষ সহজেই তাদের অধিকার আদায় করতে পারবে।
কমিটির সদস্যসচিব ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক আবদুল আওয়াল বলেন, আদালত ও জেলার কার্যক্রম রাজধানীকেন্দ্রিক হওয়ায় এসব এলাকার কয়েক হাজার মানুষকে প্রতিদিন রাজধানীতে যেতে হয়। এটা রাজধানীর যানজটকে আরও তীব্র করে তোলে।
কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুল হক বলেন, ২০১১ সালের সরকারি হিসাব অনুযায়ী সাভার, ধামরাই ও সিঙ্গাইর উপজেলার আয়তন ৮০৬ বর্গকিলোমিটার, যা দেশের অনেক জেলার তুলনায় বড়।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও জেলা বাস্তবায়ন কমিটির সদস্য আবদুল গনি বলেন, রাজধানীর কাছের জনপদ হয়েও সাভার, ধামরাই ও সিঙ্গাইরের মানুষ চরম অবহেলা ও অব্যবস্থাপনার শিকার হচ্ছে। নতুন জেলা করা হলে এখানকার মানুষ আর অবহেলার শিকার হবে না।
সাভার বাসস্ট্যান্ডের অদূরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কলেজশিক্ষক দীপক রায়সহ সিরাজুল ইসলাম, আবু সাঈদ, রহমত উল্লাহ, নজরুল ইসলাম, পারভীন ইসলাম প্রমুখ।