সাভার পৌর এলাকা যেন এক ডাস্টবিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে ১০০ গজ দক্ষিণে সরকারি খামার রাজালাখ হর্টিকালচার সেন্টারের বিশাল আকারের পুকুরটি এখন পরিণত হয়েছে ভাগাড়ে। প্রতিদিন পুকুরটিতে বিষাক্ত আবর্জনা ফেলছেন খোদ সাভার পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরাই। এর প্রভাবে মরছে মাছ আর ছড়াচ্ছে দুর্গন্ধ। শুধু ওই পুকুরই নয়, আবর্জনায় ভরে গেছে সাভার পৌরসভার ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের এলাকা এবং পৌরসভার অভ্যন্তরীণ বিভিন্ন রাস্তাও।রাজালাখ হর্টিকালচার সেন্টারের উপসহকারী উদ্যান কর্মকর্তা শিউলি আক্তার জানান, সেন্টারটির মোট জমির পরিমাণ প্রায় ২৮ বিঘা। এর মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন পুকুরের জলায়তন ছয় বিঘার বেশি। এই পুকুরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত আবর্জনা ফেলে চলেছেন। শিউলি আক্তার বলেন, বছর খানেক আগে পুকুরটি সংস্কার করে মাছের পোনা ছাড়া হয়। বিষাক্ত আবর্জনা ফেলায় মাস দুয়েক আগে সব মাছ মরে ভেসে ওঠে। এতে প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি।হর্টিকালচার সেন্টারের পাশেই চা বিক্রি করেন হামিদুল ইসলাম। প্রতিদিন তাঁর দোকানে অন্তত ৫০০ কাপ চা বিক্রি হতো। কিন্তু দুই মাস ধরে চা পান করতে আগের মতো লোকজন তাঁর দোকানে ভিড় করে না।কারণ জানতে চাইলে তিনি বলেন, পুকুরটিতে আবর্জনা ফেলার কারণে এর আশপাশের এলাকায় দুর্গন্ধে টেকা যায় না। আর মশার উপদ্রব তো আছেই। মানুষজন আসতে চায় না।সাভার থানা রোডের (রাস্তার নাম) চাকলাদার মহিলা কলেজ থেকে প্রশিকা অফিস হয়ে একটি রাস্তা চলে গেছে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে। কলেজ থেকে ওই রাস্তা ধরে কিছুদূর এগোলেই রাস্তার পাশে তালবাগ এলাকায় অনন্যা ড্রাই ক্লিনার্স। এই প্রতিষ্ঠানটির একটু দূরেই রাস্তার ওপরে জমে আছে ময়লার স্তূপ।প্রতিষ্ঠানটির মালিক মো. কবীর হোসেন জানান, এলাকায় কোনো ডাস্টবিন না থাকায় লোকজন বাধ্য হয়ে রাস্তার ওপরই ময়লা ফেলে। পৌর কর্তৃপক্ষ জানার পরও নিয়মিত ওই ময়লা অপসারণ করে না। ওই এলাকার বারী জেনারেল স্টোরের মালিক আবদুল মান্নান জানান, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সপ্তাহে এক দিন অথবা ১৫ দিনে এক দিন এসে ময়লা নিয়ে যান।সাভার বাসস্ট্যান্ড এলাকার ইউসুফ টাওয়ার ও সিটি সেন্টারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর আবর্জনার স্তূপ পড়ে থাকে দিনের পর দিন। দুর্গন্ধে পথচারী ও যানবাহনের যাত্রীদের ওই এলাকা দিয়ে চলাচলের সময় রুমাল অথবা হাতে নাক ঢেকে চলাচল করতে হয়।আরও একটি দুর্গন্ধময় এলাকা রেডিও কলোনি বাসস্ট্যান্ড। ওই এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পূর্ব পাশে প্রায় ৫০ গজ এলাকাজুড়ে স্তূপ হয়ে আছে বিষাক্ত আবর্জনা।ওই এলাকার বাসিন্দা হুকুম আলী বলেন, পুরো পৌর এলাকাই এখন পরিণত হয়েছে ডাস্টবিনে। প্রায় সব এলাকাতেই উন্মুক্ত স্থানে আবর্জনা পড়ে থাকতে দেখা যাবে।এ ছাড়া রেডিও কলোনি-সাভার নামাবাজার রাস্তার আড়াপাড়া এলাকা এবং মধ্যপাড়া, দক্ষিণপাড়াসহ পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরেও উন্মুক্ত স্থানে আবর্জনা পড়ে থাকতে দেখা যায় গত মঙ্গলবার।রেডিও কলোনি এলাকার বাসিন্দা কলেজশিক্ষক মনোয়ার হোসেন বলেন, সাভার পৌরসভাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যাঁদের ওপর, তাঁরাই দূষিত করছেন পৌর এলাকার পরিবেশ।সাভার পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক সেলিম আহমদ বলেন, একজন সুপারভাইজারসহ সাভার পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন ৭০ জন। আবর্জনা অপসারণের জন্য ৪৩টি রিকশাভ্যান আর চারটি গাড়ি রয়েছে। এর মধ্যে দুটি গাড়িই বিকল। এত অল্প জনবল আর যানবাহন দিয়ে নিয়মিত আবর্জনা অপসারণ করা সম্ভব হয় না।হর্টিকালচার সেন্টারের পুকুরে পৌরসভার পক্ষ থেকে আবর্জনা ফেলার কথা অস্বীকার করে তিনি বলেন, ওই পুকুরে আবর্জনা ফেলে স্থানীয় বাসিন্দারা। মহাসড়কের পাশে আবর্জনা ফেলার ব্যাপারে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।তবে রাজালাখ হর্টিকালচার সেন্টারের জ্যেষ্ঠ উপসহকারী উদ্যান কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সেলিম আহমদ সত্য গোপন করেছেন। পৌরসভা থেকে পুকুরটিতে আবর্জনা ফেলা বন্ধ করার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ৩০ জুন পৌর মেয়রকে পত্র দেওয়া হয়। এর পরও ময়লা ফেলা বন্ধ হয়নি।যোগাযোগ করা হলে সাভার পৌরসভার মেয়র মো. রেফাত উল্লাহ বলেন, প্রায় ছয় লাখ লোকের এই পৌরসভা থেকে প্রতিদিন বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা বের হয়। নাগরিকেরা যেখানে-সেখানে এসব আবর্জনা ফেলে রাখে। জনবলের অভাবে নিয়মিত ওই সব আবর্জনা অপসারণ করা সম্ভব হয় না।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌরসভার নিজস্ব কোনো ডাম্পিং পয়েন্ট না থাকায় আবর্জনা সংগ্রহের পর তা ঢাকা-আরিচা মহাসড়কের আশপাশসহ বিভিন্ন স্থানে নিয়ে ফেলা হচ্ছে। প্রয়োজনীয় অর্থের অভাবে ডাস্টবিন নির্মাণ করা সম্ভব হচ্ছে না।