সাভার পৌর শপিং কমপ্লেক্স এক যুগেও নির্মিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ আগের ঘটনা। দরপত্রে অংশ নিয়ে প্রস্তাবিত ঢাকার সাভার পৌর কমপ্লেক্সে দোকান বরাদ্দ পেয়েছিলেন গেন্ডা এলাকার সালাউদ্দিন খানসহ আরও ৭৪ জন। কিন্তু আজও তাঁরা দোকান বুঝে পাননি। এমনকি তাঁদের টাকাও ফেরত দেওয়া হয়নি। আগে জমি নিয়ে মামলা থাকায় এবং বর্তমান মেয়রের অনীহার কারণে এখন পর্যন্ত ওই পৌর কমপ্লেক্স নির্মাণই হয়নি। এ কারণে ওই ৭৪ জন মালিকের মধ্যে হতাশা বিরাজ করছে।সাভার পৌরসভা সূত্র ও ভুক্তভোগীরা জানান, ১৯৯৮ সালে তৎকালীন পৌর কর্তৃপক্ষ পৌরসভার নামে জমি কেনার উদ্যোগ নেয়। তখন জেলা প্রশাসনের মাধ্যমে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গেন্ডা এলাকায় পৌর ভবন নির্মাণের জন্য এক একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু অর্থের অভাবে এর মূল্য পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় পৌর কর্তৃপক্ষ অর্থ সংগ্রহের জন্য ওই জমির অর্ধেক অংশে পৌর শপিং কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়।ভুক্তভোগীরা আরও জানান, এ সময় পৌর কর্তৃপক্ষ প্রস্তাবিত ওই কমপ্লেক্সে দোকান বরাদ্দ দেওয়ার জন্য দরপত্র আহ্বান করে। দরপত্রে অংশ নিয়ে সাভারের বিভিন্ন এলাকার ৭৪ জন ব্যবসায়ী দোকান বরাদ্দ পান। তাঁদের কাছ থেকে দোকানের অগ্রিম মূল্য বাবদ প্রায় ৮০ লাখ টাকা সংগ্রহ করা হয়।প্রস্তাবিত সাভার পৌর শপিং কমপ্লেক্স দোকান মালিক সমবায় সমিতির আহ্বায়ক এম নজরুল ইসলাম বলেন, বর্তমান মেয়র রেফাত উল্লাহ ২০০৩ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হন। কিন্তু তিনি সেই সময় শপিং কমপ্লেক্সটি নির্মাণ করেননি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিষয়টি স্থানীয় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে মেয়র রেফাত উল্লাহ এটি নির্মাণে ২০০৮ সালে বিশেষজ্ঞ নিয়োগের জন্য দরপত্র আহ্বান করেন। কিন্তু এরপর পৌর কমপ্লেক্সের নির্মাণকাজ আর এগোয়নি।নজরুল ইসলাম অভিযোগ করেন, সাবেক মেয়র আশরাফ উদ্দিন খান রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় বর্তমান মেয়র রেফাত উল্লাহ শপিং কমপ্লেক্সটি নির্মাণ থেকে বিরত রয়েছেন।মেয়র রেফাত উল্লাহ বলেন, ‘সাবেক মেয়র আশরাফ উদ্দিন খান দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও শপিং কমপ্লেক্সটির নির্মাণকাজ কেন হাতে নেননি, তা তাঁকেই জিজ্ঞাসা করেন।’সাবেক মেয়র আশরাফ উদ্দিন খান জানান, ১৯৯৪ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি সাভার পৌরসভায় মেয়রের দায়িত্বে ছিলেন। ১৯৯৯ সালে অধিগ্রহণ করা জমির অর্ধেক অংশে পৌর ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু বাকি অর্ধেক অংশের জমি নিয়ে মামলাসংক্রান্ত জটিলতা থাকায় দরপত্র আহ্বান করার পরও শপিং কমপ্লেক্স নির্মাণ করা যায়নি। তবে এখন আর সেই মামলা নেই।