সাভারের রানা প্লাজা ধসের ঘটনার অন্যতম আসামি পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র মো. রেফাত উল্লাহ স্বপদে বহাল হয়েছেন। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার তিনি ভারপ্রাপ্ত মেয়র আয়নাল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।
সাভার পৌরসভা সূত্র জানায়, গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মেয়র রেফাত উল্লাহকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ৫ মে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কাদেরকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। আবদুল কাদের মারা গেলে ওই বছরের ৮ অক্টোবর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়নাল হককে। সেই থেকে আয়নাল হকই মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বরখাস্ত হওয়া মেয়র রেফাত উল্লাহ গতকাল স্বপদে ফিরে আসেন।
সিআইডি সূত্র জানায়, তাদের তদন্তে রানা প্লাজা ধসের ঘটনায় সাভার পৌরসভার মেয়র মো. রেফাত উল্লাহর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য ভবনের নকশা অনুমোদন, নির্মাণ ক্ষেত্রে তদারকি না করা এবং ফাটল জানার পরও সে ব্যাপারে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়। দুই মাস জেলে থাকার পর ওই বছর অক্টোবর মাসে হাইকোর্ট থেকে তিনি জামিনে ছাড়া পান।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, জামিনে ছাড়া পাওয়ার পর মাস খানেক আগে তিনি মেয়র পদে বহাল হওয়ার জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ওই পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২৬ ফেব্রুয়ারি এক আদেশে রেফাত উল্লাহর বরখাস্ত আদেশ প্রত্যাহার করে তাঁকে পুনর্বহাল করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
স্বপদে বহাল হওয়ার প্রতিক্রিয়া জানিয়ে রেফাত উল্লাহ বলেন, ‘আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছিল।’