সাভার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল কাদেরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাঁকে অপসারণের দাবি জানিয়েছেন কাউন্সিলররা। পৌর পরিষদের মাসিক সভায় গতকাল বুধবার কাউন্সিলরদের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পৌরসভার সংশ্লিষ্টরা জানান, ধসে পড়া রানা প্লাজা ছয়তলা থেকে নয়তলার অনুমোদন দেওয়ায় গত ২ মে পৌরসভার মেয়র রেফাত উল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্যানেল মেয়র আবদুল কাদেরকে দায়িত্ব দেওয়া হয়। পৌরসভার একাধিক কাউন্সিলর অভিযোগ করেন, আবদুল কাদের দায়িত্ব নেওয়ার পর থেকে পৌরসভায় অচলাবস্থা দেখা দেয়। তাঁর কারণে নাগরিকেরা নানা দুর্ভোগের শিকার হচ্ছিলেন। এ কারণে পৌর পরিষদের মাসিক সভায় গতকাল তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। তাঁকে অপসারণ করে দ্বিতীয় প্যানেল মেয়র হিসেবে কাউন্সিলর আয়নাল হককে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়। অনাস্থা আনার বিষয়টি নিশ্চিত করে কাউন্সিলর নজরুল ইসলাম মোল্লা বলেন, গতকালের বৈঠকে ১২ জন কাউন্সিলরের মধ্যে নয়জনই উপস্থিত ছিলেন। অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত মেয়র আবদুল কাদের বলেন, ‘কাউন্সিলরদের অনৈতিক দাবি না মানার কারণেই তাঁরা আমার বিরুদ্ধে অনাস্থা এনেছেন।’