সাভার পৌরসভার মেয়র বরখাস্ত
সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহকে আবারও বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে গত সোমবার তাঁকে বরখাস্ত করা হয়। বরখাস্তের পর প্যানেল মেয়র আয়নাল হক মেয়রের দায়িত্ব নিয়েছেন।
আয়নাল হক জানান, দীর্ঘদিন ধরে মেয়র রেফাত উল্লাহ অনুপস্থিত থাকায় পৌরসভার কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। গতকাল থেকে দায়িত্ব বুঝে পাওয়ার পর তিনি কাজ শুরু করেছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, রানা প্লাজা ধসের পর একাধিক মামলায় অভিযুক্ত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে মেয়র রেফাত উল্লাহকে বরখাস্ত করা হয়। কিন্তু হাইকোর্টের আদেশে গত বছর ৪ মার্চ তিনি আবার মেয়রের দায়িত্ব বুঝে পান। কিন্তু ওই বছরের ১৫ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে সাভার মডেল থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। বিধিবহির্ভূতভাবে ধসে পড়া রানা প্লাজা ছয়তলা থেকে দশতলা ভবনের অনুমোদন দেওয়া এবং পোশাক কারখানা স্থাপনের অভিযোগে দায়ের করা ওই মামলায় রেফাতসহ ১৭ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ১৬ জুলাই আদালতে ওই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খলিলুর রহমান ২২ মার্চের আদেশে উল্লেখ করেন, মেয়রসহ অন্যদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় মেয়রের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে। এ কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভা আইনের বিধানমতে তাঁকে বরখাস্ত করা হয়েছে।