সাভার ফায়ার স্টেশনে শ্রমিকদের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারের উলাইল এলাকায় দুজন নারী শ্রমিককে ধরে নিয়ে যাওয়ার গুজবে আজ রোববার সকালে পোশাকশ্রমিকেরা ফায়ার স্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, কাগজপত্র তছনছ, লুটপাট ও কর্মীদের মারধর করে তাণ্ডব চালান।

শ্রমিক, প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে সাতটার দিকে সাভারের উলাইল এলাকায় সাভার ফায়ার স্টেশনের এক সদস্যের সঙ্গে পাশের আল মুসলিম গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকবাহী গাড়ির চালকের সহকারীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার পর দুজন নারী শ্রমিককে ধরে নিয়ে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে।

এই গুজব শুনে আল মুসলিম গ্রুপের শ্রমিকসহ শত শত শ্রমিক সাভার ফায়ার স্টেশনে হামলা চালিয়ে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহূত তিনটি গাড়ি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের একটি জিপ, একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধির ব্যক্তিগত গাড়ি ও পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। পাশাপাশি তাঁরা ফায়ার স্টেশনের সব কাগজপত্র তছনছ, আসবাবপত্র ভাঙচুর, কর্মীদের ব্যারাকে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করেন।

এরপর শ্রমিকেরা ফায়ার স্টেশনের ভেতরে স্টেশন কর্মকর্তা খান খলিলুর রহমানের বাসভবনে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ ও ভাঙচুর করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা খলিল ও তাঁর স্ত্রীকে মারধর করেন। তাঁরা ফায়ার স্টেশনের ভেতরে রাখা একটি মোটরসাইকেল ও কাগজপত্রে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সকাল ১০টা পর্যন্ত সংঘর্ষ চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল থেকে গেন্দা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সকাল সোয়া ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।

ফায়ার স্টেশনের কর্মকর্তা খান খলিলুর রহমান জানান, শ্রমিকদের হামলা ও তাণ্ডবে ফায়ার স্টেশনটি কার্যক্রম চালানোর অনুপযোগী হয়ে পড়েছে। হামলায় তিনি, তাঁর স্ত্রী ও ফায়ার সার্ভিসের চার সদস্য আহত হয়েছেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, হামলায় তিনি আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের আরও ১২ জন সদস্য আহত হন। কথা-কাটাকাটির পর হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনার সূত্রপাত। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।