সাভার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত আবারও দখল!
সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের প্রায় দুই হাজার অবৈধ স্থাপনা ভেঙে হকারদের উচ্ছেদ করেছিল ঢাকা জেলা প্রশাসন। কিন্তু সেই উদ্যোগ বেশি দিন স্থায়ী হয়নি। মহাসড়কসহ সংলগ্ন ফুটপাত ও পাশের জমি আবারও দখল করে নিয়েছে হকাররা।তবে দু-এক দিনের মধ্যে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পূর্ব দিকে নিউমার্কেট থেকে রানা প্লাজা এবং পশ্চিম দিকে রাজ্জাক প্লাজা থেকে মনসুর মার্কেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকার ফুটপাত ও ফুটপাতের পাশের খালি জায়গাজুড়ে বিভিন্ন ধরনের দুই হাজার ছোট ছোট দোকান ছিল। এ ছাড়া স্ট্যান্ডের বিভিন্ন স্থানে ছিল বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও ট্রাকস্ট্যান্ড। এসব দোকান ও যানবাহনের স্ট্যান্ডের কারণে পুরো বাসস্ট্যান্ড এলাকা পরিণত হয়েছিল দুর্ভোগের জনপদে। প্রায় সারা দিনই লেগে থাকত যানজট। স্বাভাবিক গতিতে হাঁটতে পারত না পথচারীরা। যাত্রী ও পথচারীদের এসব দুর্ভোগ লাঘবের পাশাপাশি মহাসড়কের উভয় পাশে ফুটপাতসহ সড়ক ও জনপথ বিভাগের জমি উদ্ধারে গত ১০ অক্টোবর উচ্ছেদ অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। উচ্ছেদ অভিযানে অংশ নেন পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) শ্রমিকেরা। উচ্ছেদ অভিযানের প্রতিবাদসহ হকারদের পুনর্বাসনের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সংগঠন। আগের মতোই দখল করে নেয় মহাসড়কসহ ফুটপাত ও সংলগ্ন সওজের জমি। কিন্তু অনুসন্ধানে জানা গেছে, হকারদের পুনর্বাসন চেয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়টিই মুখ্য। আর চাঁদা আদায় করা হচ্ছে আওয়ামী হকার্স লীগ ও বাংলাদেশ হকার্স লীগসহ বিভিন্ন ব্যানারে। এই চাঁদা আদায়ের উৎস বন্ধ করে দেওয়ার কারণেই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাস্তায় নেমেছিল আওয়ামী হকার্স লীগ ও বাংলাদেশ হকার্স লীগ। এসব অভিযোগের সত্যতাও পাওয়া যায়। বাসস্ট্যান্ডসংলগ্ন মজিদ ম্যানশনের সামনের ফুটপাতের দোকানদার রমজান আলী জানান, ফুটপাতে দোকান করলেও তাঁকে প্রতিদিন ৪৫ টাকা চাঁদা দিতে হয়। এর মধ্য পৌরসভার ট্যাক্স ২০ টাকা, হকার্স লীগ ২০ টাকা ও বাসস্ট্যান্ড মসজিদের উন্নয়নের জন্য পাঁচ টাকা। বাসস্ট্যান্ড ইউসুফ টাওয়ারের সামনে ফুটপাতে বসে কাঁচামাল বিক্রি করেন সাইদুর রহমান। তাঁকেও প্রতিদিন ৪৫ টাকা করে চাঁদা দিতে হয়। এভাবে দুই হাজার দোকান থেকেই নিয়মিত চাঁদা আদায় করা হয়। সাভারের বক্তারপুরের আবুল হোসেন ও ব্যবসায়ী সেলিম আহাম্মেদসহ আরও অনেকেই অভিযোগ করেন, মহাসড়কসহ ফুটপাত ও ফুটপাতের পাশের খালি জায়গাজুড়ে দোকানপাট বসায় ঈদের আগে সাভার বাসস্ট্যান্ড এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ওই এলাকায় প্রায় সারা দিনই যানজট লেগে থাকছে। চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে আওয়ামী হকার্স লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, কয়েক মাস আগে সাভার পৌরসভা থেকে ওই সব জায়গা ইজারা দেওয়া হয়। ইজারাদারের কাছ থেকে মৌখিকভাবে বন্দোবস্ত নিয়ে হকাররা সেখানে ব্যবসা করে আসছিল। এর পরও তাদের উচ্ছেদ করা হয়। আনোয়ার হোসেন বলেন, কিছু বৈধতা থাকার কারণেই উচ্ছেদ করার পর আবার তা দখল করে দোকান বসানো হয়েছে। সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন বলেন, জেলা প্রশাসনের নির্দেশে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের প্রায় দুই হাজার অবৈধ স্থাপনা ভেঙে হকারদের উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু কয়েক দিন পরই আবার তা দখল করে নিয়েছে হকাররা। এটা মেনে নেওয়া যায় না। দু-এক দিনের মধ্যে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে তিনি জানান।