সাভারে ট্যানারি স্থানান্তর নিয়ে এক গণশুনানিতে বক্তারা বলেছেন, চামড়াশিল্প নগরের কঠিন ও তরল বর্জ্যের ক্ষতিকর প্রভাব স্থানীয়দের ওপর পড়া শুরু হয়েছে। তাঁরা চান, সাভারের পরিণতি যেন রাজধানীর হাজারীবাগের মতো না হয়। এ জন্য ট্যানারিতে উৎপাদিত বর্জ্য পরিশোধনের জন্য কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) শতভাগ কার্যকর করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
গতকাল শুক্রবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সাভারে ট্যানারি স্থানান্তর: ধলেশ্বরীকে বুড়িগঙ্গা হতে দেওয়া হবে না’ শীর্ষক ওই গণশুনানির আয়োজন করা হয়। যৌথভাবে এই গণশুনানির আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নিজেরা করি এবং নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ। সহযোগিতায় ছিল কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস)।
শুনানিতে সাভারের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঝাউচরের বাসিন্দা রোকেয়া হক অভিযোগ করেন, বুড়িগঙ্গাকে বাঁচাতে হাজারীবাগ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ট্যানারি স্থাপন করে ধলেশ্বরী ও বংশী নদীকে হত্যা করা হচ্ছে।
সাভারের ঝাউচরের বাসিন্দা শাহানাজ বেগম বলেন, ‘এই ট্যানারির কারণে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। নদীর মাছ মরে ভেসে উঠছে।’
ট্যানারি শিল্পনগরের পাশের এলাকা কেরানীগঞ্জের ইটাভাটার আসমা আক্তার বলেন, দুর্গন্ধের কারণে ট্যানারির পাশ দিয়ে চলাচল করতে কষ্ট হয়। অনেকে শ্বাসকষ্টে ভুগছেন।
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর হয়েছে। সিইটিপি নির্মাণ হয়েছে। এর পরেও বিশেষজ্ঞরা যদি বলেন, এই সিইটিপি কার্যকর হবে না, মাছ মরবে, ফসল হবে না, মানুষের দুর্ভোগ হবে, সে ক্ষেত্রে একটা উপায় বের করতে হবে। দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত ট্যানারি আগামী দুই বছর ধলেশ্বরীকে দূষিত করবে কি না, সরকারের কাছ থেকে এর একটা উত্তর আসতে হবে।
স্থানীয় সাংসদ এনামুর রহমান বলেন, চামড়াশিল্প সাভারেও হাজারীবাগের মতো দুর্ভোগ সৃষ্টি করলে তা হবে দুঃখজনক। জনদুর্ভোগসহ এখানকার সমস্যাগুলো দূর করতে হলে সিইটিপিকে শতভাগ কার্যকর করতে হবে।
গণশুনানিতে সভাপতিত্ব করেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। অন্যদের মধ্যে সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম, নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ সাভারের সাধারণ সম্পাদক মুহাম্মদ শামসুল হক, বাংলাদেশ ট্যানারিস অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কনসালট্যান্ট সঞ্জয় কুমার ঠাকুর প্রমুখ বক্তব্য দেন।