সাভারকে মাদকমুক্ত করার শপথ পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারকে মাদকমুক্ত করার শপথ নিয়েছে ঢাকা জেলা পুলিশ। গত সোমবার সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মিলনায়তনে মাদকবিরোধী এক আলোচনা সভায় এই শপথ নেওয়া হয়।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ। আলোচনা শেষে বিদ্যালয়ের মাঠ থেকে মাদকবিরোধী শোভাযাত্রা বের হয়। এতে ছাত্র-শিক্ষক, পুলিশ, সাংবাদিকসহ সর্বস্তরের জনতা অংশ নেন।

আলোচনায় কবি আসাদ চৌধুরী বলেন, ‘মাদক সমাজে প্রশ্রয় পেয়েছে। প্রশ্রয় দেওয়া হয়েছে যুবসমাজকে পিছিয়ে রাখার জন্য।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা তরুণেরাই বলতে পারো, এ দেশের একটি মানুষকে আমরা না খেয়ে থাকতে দেব না, বিনা চিকিৎসায় কোনো মানুষকে মরতে দেব না। কিন্তু তোমরা নিজেরাই যদি মাতাল হয়ে ঘুরে বেড়াও, তা হলে তোমরা এসব কাজ কী করে করবে। তাই আজ আমরা সবাই মিলে মাদককে “না” বলি। এই “না” শুধু চারদেয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না।’ সংগীতশিল্পী কনকচাঁপা বলেন, ‘সিলেবাস শেষ করে শুধু প্রথম, দ্বিতীয় আর তৃতীয় হলেই চলবে না, শিক্ষাকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। যত ভালো বন্ধুই থাকুক না কেন, সে যদি ভুল পথে চলে, তাকে ত্যাগ করতে হবে।’ সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, ‘মাদক ব্যবসায়ীদের সঙ্গে অসাধু পুলিশ কর্মকর্তা আর রাজনৈতিক নেতাদের সম্পর্ক আছে। রাজনৈতিক নেতাদের প্রশ্রয় ছাড়া মহল্লায় মহল্লায় মাদক ব্যবসা চলতে পারে না।’ পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। আজকের এই আন্দোলনের মধ্য দিয়ে সাভারকে মাদকমুক্ত করার শপথ নেওয়া হলো। এই আন্দোলন ঢাকা জেলার সব থানায় ছড়িয়ে দেওয়া হবে।’