সাভারে অটবির ফার্নিচারের কারখানায় আগুন
ঢাকার অদূরে সাভারের আকড়াইন এলাকায় অটবির ফার্নিচারের কারখানায় আজ মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস।
অটবির সহকারি ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) আব্দুর রশীদ প্রথম আলোকে জানান, এই কারখানায় বিকেলের শিফটে ৫০০ শ্রমিক কাজ করছিল। রাত নয়টার দিকে ২২ বিঘা আয়তনের এই কারখানার উত্তর-পূর্বকাণে হঠাত্ করে আগুন লাগে। যেখানে আগুনের সূত্রপাত ওই জায়গায় ফার্নিচার তৈরির পর ফিনিশিংয়ের কাজ হত। প্রথমে তারা নিজেদের ফায়ার সিস্টেম দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু না পেরে সাভার ও ধামরাইয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। এখন ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
তবে আব্দুর রশীদের অভিযোগ, সঠিক সময় ফায়ার সার্ভিস আসেনি। তিনি জানান, এতে শ্রমিক হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সাভারের ওই এলাকায় এখন র্যাব-পুলিশ আছে।